বঙ্গবন্ধুর সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বেলা সোয়া ১১টায় শ্রদ্ধা নিবেদনের পর তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বোন শেখ রেহানা, চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন ও ভাতিজা সাংসদ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন। তাঁরা একসঙ্গে সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় প্রধানমন্ত্রী অশ্রুসজল হয়ে ওঠেন। সমাধি সৌধে আরও উপস্থিত ছিলেন—বাণিজ্যমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী খান আবু মিঞাসহ দলের শতাধিক অঙ্গসংগঠনের নেতা। প্রধানমন্ত্রী এখন বঙ্গবন্ধু সমাধি সৌধ চত্বরের বঙ্গবন্ধু ভবনে বিশ্রাম নিচ্ছেন। কিছুক্ষণ পরেই তিনি গোপালগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রায় কার্যকর হওয়ায় বাদ জুমা সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে শোকরানা নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী। বিকাল তিনটায় তিনি ঢাকায় ফিরবেন।