বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
আজ ১০ জানুয়ারি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে রক্তস্নাত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন। জীবন-মৃত্যুর কঠিন চ্যালেঞ্জের ভয়ংকর অধ্যায় পার হয়ে সারা জীবনের স্বপ্ন, সাধনা ও নেতৃত্বের ফসল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মহান এ নেতার প্রত্যাবর্তন স্বাধীনতা সংগ্রামের বিজয় পূর্ণতা পায়। স্বয়ং বঙ্গবন্ধু তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনকে ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা’ হিসেবে আখ্যায়িত করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতেই পাকিস্তানি হানাদারেরা বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাঁকে পাকিস্তানের কারাগারে বন্দী করা হয়। বাঙালি যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, বঙ্গবন্ধু তখন পাকিস্তানের কারাগারে প্রহসনের বিচারে ফাঁসির আসামি হিসেবে মৃত্যুর প্রহর গুনছিলেন। বাঙালিদের চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পর বিশ্বনেতারা বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। পরে পরাজিত পাকিস্তানি শাসকগোষ্ঠী শেষ পর্যন্ত বন্দীদশা থেকে বঙ্গবন্ধুকে সসম্মানে মুক্তি দিতে বাধ্য হয়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আমরা যতদিন বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত থাকব, ততদিন আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব অটুট থাকবে। বঙ্গবন্ধু সেদিন সবাইকে “সোনার বাংলা” গড়ার ডাক দিয়েছিলেন। আমি আশা করি, দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা সে লক্ষ্য অর্জনে সফল হব, ইনশাল্লাহ।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, ‘অনেক সংগ্রাম আর ত্যাগ-তিতিক্ষার পর দেশে আজ গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছে। দেশ এগিয়ে চলছে কাঙ্ক্ষিত অগ্রগতির পথে। কোনো অপশক্তি যাতে গণতন্ত্র ও উন্নয়নের এ ধারাকে ব্যাহত করতে না পারে, জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।’ কর্মসূচি: যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি নিয়েছে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সাতটায় দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে সাতটায় বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং বিকেল তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা। সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজের সমন্বয়ে একটি প্রতিনিধিদল টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেবেন। আওয়ামী লীগ ছাড়াও বহু সংগঠন দিবসটি পালনে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। দলটির সব সহযোগী সংগঠন ছাড়াও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, বঙ্গবন্ধু আদর্শ ফোরাম, সেক্টর কমান্ডারস ফোরামও এই কর্মসূচি পালন করবে।