বঙ্গবন্ধুর ৫ খুনির ব্যবহূত মালামাল কারা কর্তৃপক্ষ ফেরত দিয়েছে
বঙ্গবন্ধুর পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর তাঁদের ব্যবহূত মালামাল স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে খুনি বজলুল হুদা ও মুহিউদ্দিন আহম্মেদের ব্যবহূত মালামাল ফেরত চেয়ে তাদের পরিবারের সদস্যরা আবেদন করেন। আবেদনপত্র পেয়ে কর্মকর্তারা বেলা দুইটার দিকে বজলুল হুদার বোন মাহফুজা পাশার কাছে বজলুল হুদার ব্যবহার করা কাপড় এক জোড়া স্যান্ডেল, দুটি চশমাসহ বিভিন্ন জিনিসপত্র ফেরত দেন। একইভাবে মুহিউদ্দিনের পরিবারের পক্ষে তাঁর শ্যালক আতিকুল্লাহর কাছে খুনি মুহিউদ্দিনের ব্যবহার করা জিনিসপত্রের মধ্যে কাপড়, একটি ফ্ল্যাক্স, প্লাস্টিকের মগ ও বাটি বুঝিয়ে দেওয়া হয়।এর আগে এ কে এম মহিউদ্দিন ও সুলতান শাহরিয়ার রশীদ এবং ফারুক রহমানের স্বজনেরা কারা কর্তৃপক্ষের কাছ থেকে তাঁদের মালামাল নিয়ে যান।