বঙ্গবন্ধুর ৯১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মদিন। সরকারিভাবে দিবসটি জাতীয় শিশু দিবস হিসেবেও পালিত হবে। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালির মুক্তির সংগ্রামের অবিসংবাদিত এ নেতা। তাঁর সাহসী ও আপসহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি জাতি। আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর জন্মদিনকে ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে পালন করতে শুরু করে। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এসে এ দিবসের সরকারি ছুটি ও ‘জাতীয় শিশু দিবস’ বাতিল করে। গত নির্বাচনে ক্ষমতায় এসে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট এ দিনটিকে আবার জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করেছে। কর্মসূচি: আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে আজ বুধবার ভোরে দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল নয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধিদল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন করবে। তারা সেখানে দোয়া মাহফিলেও যোগ দেবে। বিকেল তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হবে আলোচনা সভা।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল এক বিবৃতিতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের সেবা: আজ জাতীয় শিশু দিবস উপলক্ষে দরিদ্র ও বস্তির শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্টি সেবা দেওয়ার আয়োজন করেছে জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠান। রাজধানীর মহাখালীতে প্রতিষ্ঠানের কার্যালয়ে সকাল নয়টা থেকে একটা পর্যন্ত শিশুদের স্বাস্থ্যসেবাদান ও বিভিন্ন পরীক্ষা করা হবে। এ ছাড়া যেসব সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠান কর্মসূচি নিয়েছে সেগুলো হল: নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ পর্যটন করপোরেশন, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল শিশু সংসদ, বাংলার মুখ, চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু লেখক সমিতি প্রভৃতি।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী: দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি এতে বলেন, ‘বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলার যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নের জন্য আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, ‘শিশুদের প্রতি বঙ্গবন্ধুর দরদ ছিল অপরিসীম। তাই তাঁর জন্মদিনকে শিশুদের জন্য উৎসর্গ করে জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয়েছে।