আজ ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মদিন। সরকারিভাবে দিবসটি জাতীয় শিশু দিবস হিসেবেও পালিত হবে।১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালির মুক্তিসংগ্রামের অবিসংবাদিত এ নেতা। তাঁর সাহসী ও আপসহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতাসংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি জাতি।বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠন। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন টুঙ্গিপাড়ায় তাঁর কবরেও মিলাদ-দোয়াসহ নানা কর্মসূচি পালন করবে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সরকারের বিভিন্ন দপ্তর আলাদা আলাদা কর্মসূচি নিয়েছে।এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘বঙ্গবন্ধুর স্বপ্নদেশ, দিনবদলের বাংলাদেশ’। বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ এবং জাতীয় শিশু দিবসের তাৎপর্য তুলে ধরে জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন চ্যানেলে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে।১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর জন্মদিনকে ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে পালন করতে শুরু করে আওয়ামী লীগ। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এসে এ দিবসের সরকারি ছুটি ও ‘জাতীয় শিশু দিবস’ বাতিল করে। গত নির্বাচনে ক্ষমতায় এসে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট এ দিনটিকে আবার জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করেছে।সরকারি কর্মসূচি: আজ সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এর আগে সকাল সাড়ে সাতটায় ঢাকার ধানমন্ডির ২৭ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিকেল চারটায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।আওয়ামী লীগের কর্মসূচি: আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে আজ বৃহস্পতিবার ভোরে বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন। সকাল সাতটায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধিদল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন করবে। তারা সেখানে দোয়া মাহফিলেও যোগ দেবে।আগামীকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি থাকবেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল এক বিবৃতিতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী: দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ‘বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নের জন্য আমাদের নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর দেশপ্রেমের চেতনায় তাদের উদ্বুদ্ধ করতে হবে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, শিশুদের প্রতি বঙ্গবন্ধুর দরদ ছিল অপরিসীম। তাই তাঁর জন্মদিনকে শিশুদের জন্য উৎসর্গ করে জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয়েছে। জাতির পিতার সংগ্রামী জীবনের প্রকৃত ইতিহাস জানার জন্য শিশুদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।গোপালগঞ্জ প্রতিনিধি জানান, হেলিকপ্টারযোগে সকাল সোয়া ১০টায় টুঙ্গিপাড়া পৌঁছে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান জাতির জনকের সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোতাজাতে অংশ নেবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল মহামান্য রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। সকাল ১০টা ৪০ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন তিনি।অন্যদিকে, প্রধানমন্ত্রীও হেলিকপ্টারযোগে এসে সকাল ১০টায় জাতির জনকের সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোতাজাতে অংশ নেবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল মাননীয় প্রধান মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করবে। এরপর বেলা ১০-৪০ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে গোপালগঞ্জ জেলা পরিষদ আয়োজিত দারিদ্র্য নিরসন ও নারী উন্নয়নে দুস্থ ও অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে আয়োজিত শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুর ১২-৩০ মিনিটে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে আয়োজিত গ্রন্থমেলার উদ্বোধন করবেন। সব কর্মসূচি সেরে দুপুরে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।