বঙ্গবাজারে ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বঙ্গবাজারে আজ শুক্রবার বিকেলে ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। আহতেরা হলেন বঙ্গবাজার মহানগর কমপ্লেক্সের কাপড় ব্যবসায়ী ফরহাদ খাঁ, তাঁর ছেলে রাসেল, মফিদুল ইসলাম, শাহ আলী এবং এক দোকান কর্মচারী রবিউল। তাঁদের মধ্যে ফরহাদ খাঁর অবস্থা গুরুতর।শাহবাগ থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে বঙ্গবাজারের মহানগর কমপ্লেক্সের দোকান কর্মচারী রাসেল অপর এক কর্মচারী আমির হোসেনকে দিয়ে পার্শ্ববর্তী একটি ভাসমান মোবাইল ফোন সেন্টারে বিশ টাকা লোড করতে দেয়। কিন্তু অনেকক্ষণ হওয়ার পরও টাকা না আসায় রাসেল ও আমির হোসেন ওই সেন্টারে গিয়ে দেখে, মুঠোফোন নম্বরটি ভুল লেখা হয়েছে। রাসেল সঠিক নম্বর দিয়ে আবার ২০ টাকা পাঠাতে বলে। কিন্তু মোবাইল সেন্টারের কর্মচারী রাজি না হওয়ায় এ নিয়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাসেলের বাবা ফরহাদ খাঁ, মফিদুল ইসলাম, শাহ আলী ও দোকান কর্মচারী রবিউল। এ সময় ওই মোবাইল সেন্টারের মালিক কর্মচারী ও তাঁদের পক্ষের ১০-১২ জন লোক তাঁদের ওপর হামলা চালায়। তাঁরা লাঠি দিয়ে তাঁদের পেটাতে থাকে। এতে তাঁরা মাথা ও হাতে গুরুতর আঘাত পান। পরে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে, সন্ধ্যা পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।