বঙ্গবিদ্যা সম্মেলন শুরু আজ
বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির হাজার বছরের অর্জন ও বর্তমান বাস্তবতা নিয়ে আজ রোববার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমী যৌথভাবে এর আয়োজন করেছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর বিভিন্ন দিক তুলে ধরা হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন জাতীয় অধ্যাপক ড. সালাহউদ্দিন আহমেদ। বাংলাচর্চা-বিষয়ক এ সম্মেলন গত বছর প্রথমবারের মতো ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক রফিকউল্লাহ খান। সম্মেলনে বাংলাচর্চা-বিষয়ক ভাষাবিদ্যা, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, সমাজ, নৃবিজ্ঞান, রাজনীতি, ভূগোল, অর্থনীতি, ফোকলোর, নাট্যকলা, চলচ্চিত্র, সংগীত, বিজ্ঞান-প্রযুক্তিসহ নানা বিষয়ের ওপর বিশ্বের ২০টিরও অধিক রাষ্ট্র থেকে আগত দুই শতাধিক পণ্ডিত প্রবন্ধ, আলোচনা ও গবেষণা উপস্থাপন করবেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সম্মেলনের একাডেমিক কমিটির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান, সেলু বাসিত এবং আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সমিতির সভাপতি অধ্যাপক তোশিওশি নারা ও সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী উপস্থিত ছিলেন।