বঙ্গমাতার আদর্শ নতুন প্রজন্মকে জানাতে হবে: রাষ্ট্রপতি
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। আজ বৃহস্পতিবার বঙ্গভবনে বঙ্গমাতা পরিষদ ওয়েবসাইট উদ্বোধনের সময় রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি বলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা সব সময় বঙ্গবন্ধুর পাশে ছিলেন। জাতির প্রতি তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রপতি এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য বঙ্গমাতা পরিষদের প্রশংসা করেন। তিনি বলেন, জাতি গঠনে বঙ্গমাতার ত্যাগ ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। বঙ্গমাতা পরিষদ ওয়েবসাইটটির ঠিকানা হলো http://www.bangamata.com। এই ওয়েবসাইট থেকে মানুষ বঙ্গমাতা ও বঙ্গমাতা পরিষদ সম্পর্কে সব তথ্য জানতে পারবে। জিল্লুর রহমান আরও বলেন, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা আওয়ামী লীগকে প্রয়োজনীয় নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়েছিলেন। এমনকি ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, তাতেও উত্সাহ ও অনুপ্রেরণা দিয়েছিলেন বঙ্গমাতা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার এমন অনেক কাজ ও অবদানই জাতির কাছে অজানা। প্রসঙ্গত, বঙ্গমাতা পরিষদের প্রেসিডেন্ট অধ্যক্ষ রাজিয়া মতিন চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, উপদেষ্টা মোজাফফর হোসেন পল্টু ও জেনারেল সেক্রেটারি আনিসুর রহমান। ইউএনবি।