বঙ্গোপসাগর উত্তাল, উপকূলে প্রবল বর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নচাপ ও অমাবস্যার কারণে উত্তাল হয়ে পড়েছে বঙ্গোপসাগর। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে চার-পাঁচ ফুট উচ্চতায় বেড়ে তা আছড়ে পড়ছে উপকূলে। সেই সঙ্গে যুক্ত হয়েছে ঝোড়ো হাওয়াসহ দিনভর বৃষ্টি। এসব কারণে বুধবার ও গতকাল বৃহস্পতিবার পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, বরগুনা, বাগেরহাট ও খুলনায় বঙ্গোপসাগরের উপকূলবর্তী এবং নদীতীরবর্তী শতাধিক গ্রাম ও এলাকা প্লাবিত হয়েছে। পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে এবং ভেঙে যাওয়া বাঁধ দিয়ে পানি প্রবাহিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে উপকূলের লক্ষাধিক মানুষ। অনেক স্থানে রিং বাঁধ না থাকায় জোয়ারের পানি খুব সহজেই প্রবেশ করে বসতবাড়ি, ফসলি খেত প্লাবিত করেছে।এদিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের কাছে গতকাল মাছধরা ট্রলার ডুবে জহির উদ্দিন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ছাড়া নোয়াখালী, ভোলাসহ বিভিন্ন স্থানে ট্রলার ও নৌকা ডুবে শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে।উপকূলীয় এলাকায় গত বুধবার ও গতকাল বৃহস্পতিবারের টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অনেক স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। যেসব বিদ্যালয়, কলেজ, অফিস-আদালত খোলা ছিল, সেখানে মানুষের উপস্থিতি ছিলও খুবই কম। রাস্তাঘাটও ছিল প্রায় শূন্য।পটুয়াখালী: পটুয়াখালী শহর তিন-চার ফুট পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় এক লাখ পৌরবাসী পানিবন্দী হয়ে পড়েছে। প্লাবিত হওয়ায় শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া জোয়ারের পানিতে জেলার উপকূলীয় বাউফল, দুমকি, দশমিনা, গলাচিপা, কলাপাড়া ও মির্জাগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল ও বেড়িবাঁধের বাইরের আমন ফসলের খেত পানিতে ডুবে গেছে। এর মধ্যে গলাচিপা উপজেলার অন্তত ৩৫টি চর গতকাল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। জোয়ারের পানির প্রবল চাপে জেলার মির্জাগঞ্জের ৪১/৭ পোল্ডারের বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের তিনটি পয়েন্ট ভেঙে প্লাবিত হয়েছে অন্তত ১০টি গ্রাম। এ ছাড়া দোয়ানীর খালসংলগ্ন ও আবদুল সিকদারের বাড়ির সামনে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে আরও ১০টি গ্রাম।জোয়ারের পানিতে পর্যটনকেন্দ্র কুয়াকাটার মহীপুর, হাজীপুর, কলাপাড়া ফেরিঘাটসহ গলাচিপা, কলাপাড়া, মির্জাগঞ্জ, লেবুখালী ও বগা ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে গেলে জেলার অভ্যন্তরীণ সড়কের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিচ্ছিন্ন হয়ে যায় কুয়াকাটার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ।এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পটুয়াখালীর নদীবন্দরের অভ্যন্তরীণ সব রুটে ৬৫ ফুটের নিচের লঞ্চগুলো চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দূরপাল্লার ঢাকাগামী দোতলা লঞ্চগুলো নির্ধারিত সময়ে পটুয়াখালী লঞ্চঘাট থেকে ছেড়ে গেছে।পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. ছিদ্দিকুর রহমান জানান, বাঁধগুলো এমনিতেই ঝুঁকিপূর্ণ ছিল। পানির প্রবল চাপে তিনটি পয়েন্ট ভেঙে গেছে। কিছুদিনের মধ্যেই তা মেরামতের কাজ শুরু হবে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পটুয়াখালীর উপপরিচালক নিখিল রঞ্জন মণ্ডল বলেন, আমন খেতে পানির প্রয়োজন রয়েছে। জোয়ারের পানি নামার সঙ্গে সঙ্গে খেতের পানিও নামবে। তবে চার-পাঁচ দিন একনাগাড়ে ডুবে থাকলে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।ভোলা: সদর, চরফ্যাশন, লালমোহন, তজুমদ্দিন, মনপুরাসহ জেলার সাতটি উপজেলার অন্তত ৬২টি গ্রাম, দুর্গম চরাঞ্চল ও নিম্নাঞ্চল অন্তত ছয় ফুট পানির নিচে তলিয়ে গেছে। এতে জেলার দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলাগুলোর অধিকাংশ আমনের খেত, অন্যান্য ফসলের খেত ও পুকুর ডুবে গেছে। সদর, মনপুরা ও তজুমদ্দিন উপজেলায় পাঁচটি নৌকাডুবির খবর পাওয়া গেছে। এ ছাড়া ৫০টি মাছধরা ট্রলারের ইঞ্জিন বিকল হয়েছে বলে জেলেরা জানিয়েছেন।যাত্রী আবুল কালাম জানান, ঢাকাগামী টিপু-৪ লঞ্চ প্রবল জোয়ারের তোড়ে চরে উঠে আটকে গেছে। চরফ্যাশন পাউবোর উপসহকারী প্রকৌশলী শাহে আলম ভূঁইয়া জানান, উপজেলার চরমাদ্রাজ এলাকায় পাউবোর জিও টেক্সটাইল ব্যাগ দিয়ে নির্মিত বেড়িবাঁধ জোয়ারের পানির তোড়ে প্রায় ১৪ শ মিটার ভেঙে গেছে। হামিদপুর বেড়িবাঁধের সঙ্গে ৫৪টি ঘর ভেঙে গেছে।পাউবোর ভোলার নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান জানান, জোয়ারের উচ্চতা বেড়ে সদর উপজেলার দুটি স্থানে বাঁধ ভেঙেছে। অনেক স্থানে বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকেছে। এ ছাড়া বাঁধ নেই এমন চরাঞ্চলে আট-নয় ফুট পানি উঠেছে। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের চেষ্টা চলছে। ভোলা জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম ফকির গতকাল বিকেলে ধনিয়া ও কাচিয়া এলাকার প্লাবিত অঞ্চল পরিদর্শন করেন। জেলা প্রশাসক জানান, বাঁধ ধসে লোকালয়ে পানি প্রবেশের সংবাদ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ত্রাণসামগ্রী দেওয়া হয়নি।সাতক্ষীরা: শ্যামনগর উপজেলার পাউবোর বেড়িবাঁধ ভেঙে পদ্মপুকুর ইউনিয়নের ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার রাতে ভেঙে যাওয়া অংশ দিয়ে গতকাল দুপুরে জোয়ারের পানি প্রবেশ করায় ইউনিয়নটির ১২টি গ্রাম তিন-চার ফুট পানিতে তলিয়ে গেছে। এতে ইউনিয়নের ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে তিন শতাধিক চিংড়ি ঘের। ঘূর্ণিঝড় আইলায় ঘরবাড়ি হারা হয়ে ১৬ মাস পরে যারা ভিটায় ফিরেছিল, তাদের অনেককেই আবার পাউবোর বাঁধে আশ্রয় নিতে হয়েছে।কক্সবাজার: প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল ও ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে জেলার কুতুবদিয়া, টেকনাফ, পেকুয়া ও চকরিয়া উপজেলার ৫২ গ্রাম প্লাবিত হয়েছে।সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমদ খান জানান, সাগর উত্তাল থাকায় গত বুধবার থেকে টেকনাফের সঙ্গে দ্বীপের ট্রলার যোগাযোগ বন্ধ রয়েছে। পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান জানান, জেলার উপকূলীয় উপজেলাগুলোতে ৪০ কিলোমিটারের বেশি বেড়িবাঁধ ভাঙা। এসব ভাঙা বাঁধ দিয়ে এখন জোয়ারের পানি ঢুকছে। জরুরি ভিত্তিতে এসব বাঁধ মেরামতও সম্ভব নয়।নোয়াখালী: গতকাল সকাল সাড়ে সাতটার দিকে নিঝুম দ্বীপের কাছে মেঘনা নদীর মোহনায় প্রবল জোয়ারের ঢেউয়ে ১৫ জন জেলেসহ একটি মাছধরা ট্রলার ডুবে যায়। এতে ট্রলারের শিশু জহিরের মৃত্যু হয়। এ সময় আশপাশের জেলেরা বাকি ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেন। হাতিয়া উপজেলার তমরদ্দি, নলচিরা ও সুখচর ইউনিয়নের বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। টানা বর্ষণে জেলার সদর, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়া উপজেলার অনেক নিচু এলাকা ডুবে গেছে। হাতিয়ার কালাম চরের দোকানদার আমজাদ জানান, মঙ্গলবার জাহাজমারার চর কাদিরার ঘাট থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া তিনটি ট্রলার এবং এর ৩৭ জন গতকাল সন্ধ্যা পর্যন্ত ফিরে আসেননি।রামগতি (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার নয়টি ইউনিয়নের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বেড়িবাঁধ না থাকায় ওই সব এলাকায় বসতবাড়িতে সরাসরি জোয়ারের পানি ঢুকছে।গতকাল দুপুরে রামগতির পশ্চিম চর আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র মেঘনার প্রবল স্রোতের আঘাতে ভেঙে পড়েছে।খুলনা: রিং বাঁধ উপচে জোয়ারের পানি প্রবেশ করায় খুলনার কয়রা উপজেলার কয়রা, মহারাজপুর ও বাগালী ইউনিয়নের ১৩টি গ্রামের মানুষ আবার পানিবন্দী হয়ে পড়েছে।বাগেরহাট: টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে বাগেরহাট শহরের বিসিক শিল্প নগরের ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর ভেতরে পানি ঢোকায় গতকাল সকাল থেকে সেখানে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া বাগেরহাট পৌরসভার বেশ কিছু এলাকা তলিয়ে গেছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পাউবোর ৩৫/৩ পোল্ডারের রামপাল উপজেলার রাধাবল্লভ ও মাদারদিয়া বাজারের উত্তর পাশের প্রায় এক হাজার ৩০০ ফুট বেড়িবাঁধ। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মংলা বন্দরে অবস্থানরত খাদ্যশস্য ও সারবাহী জাহাজের পণ্যবোঝাই, খালাস ও পরিবহনকাজ বিঘ্নিত হচ্ছে।বরিশাল: বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হাসান হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, গত বুধবার থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশালে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা এই মৌসুমে সর্বোচ্চ। এদিকে গত দুই দিনের টানা বর্ষণে নগরের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার, সাতক্ষীরা ও বরগুনা; নোয়াখালী, পটুয়াখালী, খুলনা ও বরিশাল অফিস; ভোলা ও চরফ্যাশন, বাগেরহাট ও মংলা, হাতিয়া (নোয়াখালী), কয়রা (খুলনা), গলাচিপা ও কলাপাড়া (পটুয়াখালী), টেকনাফ (কক্সবাজার), রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি]