বঙ্গোপসাগর থেকে আরও ১৮ জেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী ও কুতুবদিয়া উপজেলার মাঝামাঝি বঙ্গোপসাগরের জাহাজখাঁড়ি এলাকা থেকে গতকাল মঙ্গলবার আরও ১৮ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে সাগরে তল্লাশি চালিয়ে এসব লাশ উদ্ধার করে। এ নিয়ে মোট ২১ জন জেলের লাশ উদ্ধার করা হয়েছে।কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার মাসুদুল ইসলাম ১৮টি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। লাশগুলোর হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। আজ বুধবারও উদ্ধার অভিযান চলবে।ধারণা করা হচ্ছে, জলদস্যুরা ট্রলারসহ মাছ ও জাল লুট করে এসব জেলেকে হাত-পা বেঁধে সাগরে ফেলে দেয়। উদ্ধার হওয়া হতভাগ্য ব্যক্তিরা বাঁশখালীর শেখেরখিলের তিনটি ট্রলারের মাঝিমাল্লা। নৌবাহিনী সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে আল্লার দান, আল মক্কা ও আল্লাহ মালিক নামের তিনটি ট্রলার মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপজেলার ২০ নটিক্যাল মাইল পশ্চিমে নিখোঁজ হয়েছে বলে গত সোমবার জানা যায়।তিনটি ট্রলারে ৩৪ জন জেলে ছিলেন। তাঁদের মধ্যে তিনজন আহত অবস্থায় বাঁশখালীতে ফিরে আসেন। সোমবার তিনজনের লাশ উদ্ধার করে বাঁশখালী আনা হয়। বাকি ২৮ জন নিখোঁজ ছিলেন।সূত্র জানায়, তিনটি ট্রলার নিখোঁজের খবর জানার পর নৌবাহিনী উপকূলীয় এলাকায় নজরদারি ও টহল বৃদ্ধি করে। নৌবাহিনীর পাঁচটি জাহাজ বানৌজা মেঘনা, বরকত, সাগর, নির্ভয় ও বানৌজা সাংগু অভিযানে অংশ নেয়। এ ছাড়া নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়াডসের দল চারটি নৌ কমান্ডো বোট নিয়ে ওই অভিযানে যোগ দেয়। নৌবাহিনীর জাহাজ ও নৌকা কুতুবদিয়াসংলগ্ন এলাকা ও গভীর সমুদ্রে তল্লাশি চালিয়ে ১৮টি মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার করা লাশগুলোতে পচন ধরেছে। ফলে ঠিকমতো চেনা যাচ্ছে না। উদ্ধারকাজ জোরদার এবং কুতুবদিয়া ও কক্সবাজার উপকূলীয় এলাকায় অপরাধ দমনে নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ড যৌথভাবে অংশ নিয়েছে।কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, নৌবাহিনী ও কোস্টগার্ড থেকে পেকুয়া উপজেলার মগনামাঘাটে তিনি ১৮টি লাশ বুঝে নিয়েছেন। দুটি লাশের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন। ময়নাতদন্তের জন্য লাশগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, সাগর থেকে এ পর্যন্ত ২১ জন জেলের লাশ উদ্ধার করা হয়েছে।