বঙ্গোপসাগর থেকে ১৮০ জন রোহিঙ্গা আটক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে প্রায় ১৮০ জন রোহিঙ্গাকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। আজ সোমবার সকালে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের পূর্বে বঙ্গোপসাগর থেকে তাঁদের আটক করা হয়।কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট বদরুদ্দোজা প্রথম আলো ডটকমকে বলেন, আজ সকাল ১০টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের পূর্বে বঙ্গোপসাগর থেকে পাঁচটি ইঞ্জিনচালিত নৌকাসহ প্রায় ১৮০ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এর মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা সেন্ট মার্টিন কোস্টগার্ড স্টেশনের হেফাজতে আছে। আটক হওয়া রোহিঙ্গাদের আজ যেকোনো সময় মিয়ানমারে ফেরত পাঠানো (পুশব্যাক) হবে বলে জানান তিনি।এদিকে বেলা একটার দিকে শাহপরীর দ্বীপ বদরমুকাম নাফ দিয়ে ট্রলারে করে বাংলাদেশে অনুপ্রবেশ করে আরও ১৮২ জন রোহিঙ্গা। এ সময় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাঁদের বাধা দেয় ও মিয়ানমারে ফেরত পাঠায়।৪২ বর্ডার গার্ডের উপ-অধিনায়ক মেজর শফিকুর রহমান প্রথম আলো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।