বঙ্গোপসাগরে উদ্ধার ১৮ জেলের লাশ বাঁশখালীতে দাফন
চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখিল গ্রামে গতকাল বুধবার ১৮টি লাশ দাফন করা হয়েছে। এর আগে গতকালই কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাঁদের লাশ বাঁশখালী আনা হয়।গত মঙ্গলবার নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা কক্সবাজারের কুতুবদিয়া ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মাঝামাঝি বঙ্গোপসাগরের জাহাজখাঁড়ি এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এই ১৮ জনের লাশ উদ্ধার করা হয়। আগের দিন সোমবার তিনজনের লাশ পাওয়া যায়। ট্রলারসহ মাছ ও জাল লুট করে জলদস্যুরা হাত-পা বেঁধে এসব জেলেকে সাগরে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে। গতকাল বেলা দুইটার দিকে কক্সবাজার থেকে ১৮টি লাশ বাঁশখালী এসে পৌঁছায়। লাশ এসে পৌঁছার পর স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। খলিলের মা নূরজাহান ছেলের লাশ দেখে বারবার মূর্ছা যান। ছোট ভাই হাকিম তাঁকে সান্ত্বনা দিচ্ছিলেন। মৃত এজাহার মিয়ার দুই ছেলে নুরুল ইসলাম ও শকিরের লাশ নিয়ে আহাজারি চলছিল স্বজনদের। একইভাবে আবদুর রহিমের মা রাশেদা বেগম ছেলের লাশ দেখে জ্ঞান হারান।বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাব্বির ইকবাল বলেন, ১৮ জনের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেছে। বিকেলে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক কবরস্থানে তাঁদের লাশ দাফন করা হয়েছে। বাকিদের মধ্যে দুজনের দেহের সঙ্গে মাথা ছিল না। অন্যজনের লাশ পচে যাওয়ায় শনাক্ত করা যায়নি। তাঁদের লাশ স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়। এদিকে গতকাল দ্বিতীয় দিনের মতো নৌবাহিনী ও কোস্টগার্ড বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে নিখোঁজ জেলেদের সন্ধানে তল্লাশি চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত নতুন করে কোনো লাশ উদ্ধার হয়নি।কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, নতুন করে কোনো লাশ উদ্ধার করা যায়নি। উদ্ধার অভিযান এখনো পুরোপুরি শেষ করা হয়নি।জানা গেছে, বাঁশখালী উপজেলার শেখেরখিলের আল্লার দান, আল্লাহ মালিক ও আল মক্কা—এই তিনটি ট্রলার গত ২৪ ও ২৫ মার্চ স্থানীয় ৩৪ জন জেলেকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। ২৭ মার্চ তিনজন জেলেসহ একটি ট্রলার ফিরে আসে। ওই ট্রলারের বাকি জেলেরা নিখোঁজ ছিলেন। অন্য দুই ট্রলারের জেলেদের হাত-পা বেঁধে সাগরে নিক্ষেপ করে জলদস্যুরা ট্রলার, মাছ ও জাল লুট করে।রামগতিতে একজনের লাশ দাফন: আমাদের রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, বঙ্গোপসাগরে বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলে উদ্ধার হওয়া মো. আবদুল মতিনের (৩৭) লাশ মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার আসলপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মতিনের বাবা মো. সাহাব উদ্দিন জানান, মতিন চট্টগ্রামের বাঁশখালী এলাকার আবদুর রহিম কোম্পানির ট্রলারে করে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের কবলে পড়েন।রামগতির চর আবদুল্লাহ (চর গজারিয়া-তেলিরচর) ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মনির উদ্দিন জানান, মতিনের সঙ্গে তাঁর ভাই মহিউদ্দিনসহ রামগতির নয়জন জেলে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ নিখোঁজ হন। মতিন ছাড়া বাকি আটজনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।