বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘লাইলা’, দুই নম্বর সতর্ক সংকেত
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে আরও ঘনীভূত হয়ে আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এবং তত্সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এই ঝড়ের নাম দেওয়া হয়েছে ‘লাইলা’। এ জন্য চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, লাইলা আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে এক হাজার ২৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল রয়েছে।আবহাওয়া অফিস উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।প্রসঙ্গত, গতকাল সোমবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়। পরে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে আজ সকালে ঘূর্ণিঝড়ে রূপ নেয়।