বঙ্গোপসাগরে চার জাহাজের সংঘর্ষ, দুটি ডুবে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কাছে বঙ্গোপসাগরে গত সোমবার গভীর রাতে চারটি ছোট দেশীয় (লাইটার) জাহাজের মধ্যে এলোপাতাড়ি সংঘর্ষ হয়েছে। এতে এমভি টিটু-২১ এবং এমভি টিটু-২২ নামের দুটি ছোট জাহাজ ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এমভি টিটু-১৬ নামের আরেকটি জাহাজ। দুর্ঘটনার পর থেকে তিনটি জাহাজের অন্তত আটজন মাঝিমাল্লা নিখোঁজ রয়েছে। তবে নিখোঁজ নাবিকদের নাম জানা যায়নি।জানা গেছে, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা ছোটবড় পাঁচটি জাহাজে করে গতকাল সারা দিন ওই এলাকায় তল্লাশি অভিযান চালান। তবে গতকাল রাত পর্যন্ত নিখোঁজ মাঝিমাল্লার কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারকাজে নিয়োজিত কোস্টগার্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। চট্টগ্রাম বন্দরের বেতার নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ছোট জাহাজগুলো ওই এলাকায় নোঙর করা ‘এমভি আমচির’ নামে একটি বড় জাহাজ থেকে সিমেন্ট ক্লিংকার নিয়ে উপকূলের দিকে আসার অপেক্ষায় ছিল। এ সময় ‘এমভি রামচির’ নামের সিমেন্ট ক্লিংকারবাহী অন্য একটি বড় জাহাজ লাইটার জাহাজকে এলোপাতাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার চারটিসহ ওই পাঁচটি জাহাজের মালিক আবুল খায়ের গ্রুপ বলে জানা গেছে। এসব জাহাজে করে তাদের মালিকানার সিমেন্ট কারখানার সিমেন্ট ক্লিংকার আমদানি ও পরিবহন করা হচ্ছিল।এমভি আমচির ও এমভি রামচিরের স্থানীয় এজেন্ট লিটমন্ড শিপিংয়ের উপব্যবস্থাপনা পরিচালক আবুল মনছুর প্রথম আলোকে বলেন, ‘বড় দুটি জাহাজে করে আবুল খায়ের গ্রুপের জন্য বিদেশ থেকে সিমেন্ট ক্লিংকার আমদানি করা হয়। তিনটি দেশীয় লাইটার জাহাজে করে এসব ক্লিংকার খালাস করা হচ্ছিল। এ পাঁচটি জাহাজই আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন।সংশ্লিষ্ট সূত্র জানায়, যেসব মাঝিমাল্লা নিখোঁজ হয়েছে তারা দুর্ঘটনার সময় সম্ভবত ঘুমিয়েছিল। এ কারণে তারা নদীতে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পায়নি। যে এলাকায় জাহাজডুবির ঘটনা ঘটে সেখানে পানির গভীরতা প্রায় ৫৫ ফুট (১৭-১৮ মিটার)। রয়েছে পানির তীব্র স্রোত। ফলে দুর্ঘটনাকবলিত দুটি লাইটার এবং নিখোঁজ মাঝিমাল্লাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কম।বন্দর সূত্রে জানা গেছে, দুর্ঘটনার স্থানে বয়া মার্কিংয়ের জন্য বন্দরের জাহাজসহ বিএলবি লুসাইকে প্রস্তত রাখা হয়েছে। আজ বুধবার সেখানে বয়া বসিয়ে ওই এলাকায় জাহাজ চলাচলে সতর্ক ব্যবস্থা নেওয়া হবে।