বঙ্গোপসাগরে ছোট ছোট ক্ষেত্রে অনেক গ্যাস মজুদ আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় ছোট ছোট ক্ষেত্রে অনেক গ্যাস মজুদ থাকার সম্ভাবনার কথা জানিয়েছে অস্ট্রেলীয় কোম্পানি সান্তোস। গতকাল বুধবার স্থানীয় একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি এ সম্ভাবনার কথা জানিয়েছে।সংবাদ সম্মেলনে এক উপস্থাপনায় যুক্তরাজ্যের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং সোসাইটির উদ্ধৃতি দিয়ে বলা হয়, বাংলাদেশের সমুদ্রসীমায় ১৪ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ২৫০ কোটি ব্যারেল জ্বালানি তেলের সমান। এই গ্যাস তুলতে আড়াই হাজার কোটি (২৫ বিলিয়ন) ডলার বিনিয়োগ প্রয়োজন হবে।বিশ্বখ্যাত কোম্পানি সান্তোস উৎপাদন অংশীদারি চুক্তির (পিএসসি) অধীনে দেশের সাগরবক্ষে ১৬ নম্বর ব্লকে কাজ করছে। ওই ক্ষেত্রের সাঙ্গু গ্যাসক্ষেত্রকে ঘিরে তারা তিনটি নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে। এ জন্য ১০ কোটি ডলার বিনিয়োগ করবে সান্তোস সাঙ্গু ফিল্ড লিমিটেড। এর আগে সান্তোস ক্ষেত্রটিতে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালায়।সংবাদ সম্মেলনে বলা হয়, সান্তোস নতুন যে তিনটি কূপ খননের উদ্যোগ নিয়েছে, তার মধ্যে সাঙ্গু-১১ কূপটি খননের কাজ আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে শুরু করা হবে। আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে এই কূপ থেকে গ্যাস পাওয়া যাবে। চট্টগ্রামে গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য যত উদ্যোগ অব্যাহত আছে, তার মধ্যে সাঙ্গু-১১ থেকেই সবার আগে গ্যাস সরবরাহ করা যাবে বলে সান্তোসের আশা।সংবাদ সম্মেলনে সান্তোসের প্রেসিডেন্ট জন চেম্বার্স এবং দুই ভাইস প্রেসিডেন্ট অজয় নামবিয়ার ও এ বি এম সিরাজউদ্দৌলা বক্তব্য দেন। জন চেম্বার্স সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন। বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধানের ধীরগতির কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, এ দেশের সমুদ্রসীমায় প্রায় ১৫ বছরে মোট ১৫টি কূপ খনন করা হয়েছে। কিন্তু মেক্সিকো উপসাগরে একই সময়ে কূপ খনন করা হয় প্রায় দুই লাখ। বাংলাদেশে নব্বইয়ের দশকে প্রণীত পিএসসির শর্তাবলি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় না হওয়া এর অন্যতম কারণ বলে মনে করে সান্তোস। তারা বলে, এখানে পিএসসিতে গ্যাসের নির্ধারিত দাম খুব কম। তেল-গ্যাসক্ষেত্রের কাজে ব্যবহূত প্রযুক্তি ও জনবলের ব্যয় গত এক দশকে বেড়েছে প্রায় ৩০০ শতাংশ। এখানকার পিএসসিতে তা সমন্বয়ের ব্যবস্থা নেই। এখানে উত্তোলিত গ্যাস সরবরাহ করা হয় এলপিজি ও কনডেনসেট আলাদা করে। কিন্তু এ জন্য গ্যাসের কোনো মূল্য সংযোজন করা হয় না।