বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাত শতাধিক জেলে অপহূত
মৌসুমের শেষ দিকে গভীর বঙ্গোপসাগরে কিছু কিছু ইলিশের দেখা মিললেও জলদস্যুদের হামলা, লুটপাট, অপহরণে জেলেরা অসহায় হয়ে পড়েছেন। দক্ষিণ উপকূলীয় কুয়াকাটা এলাকার বঙ্গোপসাগরে এখন দাপিয়ে বেড়াচ্ছে জলদস্যুদের সুন্দরবন এলাকার রাজু-আব্বাস, জুলফিকার ও হাতিয়া এলাকার ইব্রাহিম বাহিনী। ইলিশ মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত পটুয়াখালী অঞ্চলের অন্তত শতাধিক ট্রলার জলদস্যুদের হামলার শিকার হয়েছে। জলদস্যুদের হামলায় নিহত হন দুই জেলে। তারা লুট করে নিয়েছে ট্রলার, মাছ, জাল, জ্বালানিসহ কয়েক কোটি টাকার সম্পদ। শতাধিক জেলেকে অপহরণ করে নিয়ে মুক্তিপণ হিসেবে লাখ লাখ টাকা আদায় করা হয়েছে। মহিপুর মৎস্য বন্দরে জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইলিশ মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে সাগরে জলদস্যুদের তৎপরতা শুরু হয়। সাগরে জেলেরা ইলিশ শিকারের সময় হঠাৎ জলদস্যুরা দ্রুতগামী ট্রলারে এসে হামলা চালায়। লুট করে নিয়ে যায় ট্রলারের মাছ, জাল, জ্বালানি। এমনকি ট্রলারসহ জেলেদেরও অপহরণ করে নিয়ে মুক্তিপণের বিনিময়ে তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে। জলদস্যুদের হামলার সর্বশেষ ঘটনা ঘটে গত ২২ আগস্ট রাত দেড়টার দিকে। জলদস্যুরা শিবসা চরসংলগ্ন গভীর সাগরে জেলেদের শতাধিক ট্রলারে হামলা চালায়। এ সময় তারা পটুয়াখালীর মহিপুর-আলীপুর মৎস্য বন্দরের সঙ্গে সম্পৃক্ত পাঁচটি ট্রলার, ট্রলারের অর্ধশত জেলেকে অপহরণ ও ট্রলারে থাকা মাছ, জাল, জ্বালানি লুট করে। পরে জলদস্যুরা এসব ট্রলারের কয়েকজন জেলেকে মুক্তি দিলে তাঁরা পরদিন ২৩ আগস্ট মহিপুর-আলীপুর মৎস্য আড়ত সমিতির কাছে তাঁদের অপহরণের বর্ণনা দেন। যেসব ট্রলার লুট হয়েছে তার মধ্যে আলহাজ রেজাউল করিমের এফবি বাঁশখালী-১, এফবি বাঁশখালী-২, এফবি বাঁশখালী-৩, মিন সুকানির এফবি রহিমা ও এফবি আল্লাহর দান রয়েছে।এদিকে গত ১৮ আগস্ট বিকেল থেকে ১৯ আগস্ট সকাল পর্যন্ত কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ৫০টি ট্রলার জলদস্যুদের হামলার শিকার হয়। এ হামলায় আলমগীর মাঝি (৩২) নামে একজন জেলে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ সময় আহত হন আরও চারজন জেলে। আহতরা হলেন আবু মিয়া (৪০), নুর সাইদ (৪২), হোসেন মিয়া (৪০) ও নয়া মিয়া (৩৮)। এ সময় জলদস্যুরা ১২ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এর আগে জুলাই মাসে দুপুর সাড়ে ১২টা থেকে গভীর রাত পর্যন্ত কুয়াকাটাসংলগ্ন গঙ্গামতি, ঢোস, বাইলাবুনিয়া, কলাগাছিয়া, চর মোন্তাজ ও মৌডুবি এলাকায় অন্তত ৫০টি মাছ ধরার ট্রলারে লুটপাট চালায় জলদস্যুরা। এ সময় জলদস্যুদের ছোড়া গুলিতে বাঁ পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন কালু হাওলাদার। তাঁকে মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অন্যদিকে সাগরে নিক্ষেপ করা গুলিবিদ্ধ জেলে ফারুক মুন্সির খোঁজ এখনও মেলেনি। তাঁর বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তুলাতলী গ্রামে।জলদস্যুদের হামলার শিকার এফবি নার্গিস ট্রলারের মালিক দেলোয়ার গাজী জানান, জলদস্যুরা তাঁর ট্রলার থেকে একজন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। এ ছাড়া গলাচিপা এলাকার এফবি রাবেয়া ট্রলারের মালিক মমিন মাঝি, এফবি আশার আলো ট্রলারের মালিকের ভাই খলিলুর রহমানসহ এই উপকূল থেকে ৫০ জনেরও বেশি জেলেকে জলদস্যুরা অপহরণ করে নিয়ে গেছে। মহিপুর-আলীপুর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, এই মৌসুমে জলদস্যুদের হামলার তিনটি ঘটনায় এই অঞ্চলের শতাধিক জেলে জলদস্যুদের হাতে অপহরণ হয়েছে। মুক্তিপণের বিনিময়ে অনেকে ফিরে এলেও এখনও দুইজন জেলে জলদস্যুদের হাতে আটক রয়েছেন বলে তাঁদের কাছে খবর রয়েছে। তাঁরা হচ্ছেন ডাবলুগঞ্জের নেছার উদ্দিন (৩৫) ও মহিপুরের আবদুল্লাহ (৩২)। অপহূতদের উদ্ধারের জন্য স্বজনেরা বিভিন্ন জায়গায় ছুটছেন। তবে আরও ক্ষতির আশঙ্কায় অনেকেই এ ব্যাপারে মুখ খুলছেন না। মহিপুর-আলীপুর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ফজলু গাজী জানান, বর্তমানে জলদস্যুদের হামলা ও অপহরণের ঘটনায় জেলেরা অসহায় হয়ে পড়েছেন। ভরা মৌসুমেও জেলেরা গভীর সাগরে ইলিশ শিকারে যেতে পারছেন না। পাথরঘাটার পশ্চিমে বলেশ্বর নদী থেকে শিবসা ও কয়রা পর্যন্ত পয়েন্টে এবং সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকার সাগরবক্ষে নিরাপত্তা বাড়ানো প্রয়োজন। তা না হলে জেলেরা যেকোনো সময় জলদস্যুদের হামলার শিকার হতে পারেন। কোস্টগার্ডের কলাপাড়া কন্টিনজেন্ট কমান্ডার মো. লাবু খান প্রথম আলোকে বলেন, কুয়াকাটা, গঙ্গামতি থেকে খুলনার কয়রা ও শিবসা চর এলাকা পর্যন্ত গভীর সাগরে জলদস্যুদের তিনটি বাহিনীর তৎপরতা রয়েছে। ইলিশ শিকারে জেলেরা গভীর সাগরে যান এবং সেখানেই তাঁরা জলদস্যুদের হামলার শিকার হন। তবে আমাদের জনবল থাকলেও নৌযানগুলো ছোট। এই ছোট নৌযান নিয়ে গভীর সাগরে গিয়ে তাৎক্ষণিক প্রতিরোধ করা যাচ্ছে না। দ্রুতগতিসম্পন্ন বড় নৌযান পেলে জলদস্যুদের তাৎক্ষণিক প্রতিরোধ করা সম্ভব।