বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত, দুজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা রেঞ্জের পশ্চিম সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরে সশস্ত্র জলদস্যুদের গুলিতে গতকাল রোববার রাতে রিপন (৩২) নামের এক জেলে নিহত হয়েছেন। জলদস্যুদের গুলিতে আহত হয়েছে আরও দুই জেলে। জলদস্যুদের কবল থেকে ফিরে আসা জেলে হরিশংকর আজ সোমবার জানান, জেলেরা গতকাল রাতে পশ্চিম সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ১০-১২ জনের সশস্ত্র একটি জলদস্যু দল এফবি বাঁশখালী-১, এফবি বাঁশখালী-২ ও এফবি সন্ধানী নামে তিনটি ট্রলারে হামলা চালায়। এ সময় জলদস্যুরা রামসুন্দর, জামাল, রতন, ফিরোজ, রায়পদ দাস, লেন্ডু দাস, পেট্টু দাস, সরোয়ার ও মীর কাশেম নামের নয়জন জেলেকে অপহরণ করে। অপহরণে বাধা দিতে গেলে জলদস্যুদের গুলিতে এফবি সন্ধানী ট্রলারের জেলে রিপন ঘটনাস্থলেই মারা যান। এ সময় জলদস্যুরা তিনটি ট্রলার থেকে ৩০০ মণ ইলিশ মাছ, জাল ও জ্বালানি নিয়ে যায় বলে তিনি দাবি করেন।কোস্টগার্ডের পাথরঘাটা ঘাঁটির কমান্ডার লে. হাসানুজ্জামান আজ দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ দুই জেলেকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কোস্টগার্ডের বিশেষ টহল জোরদার করা হয়েছে বলে তিনি জানান।পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, নিহত রিপনের বাড়ি পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামে। যে নয় জেলেকে অপহরণ করা হয়েছে তাঁরা বাঁশখালী-১ ও বাঁশখালী-২ ট্রলারের। তাঁদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়।