বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে ৪ জেলে গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় বঙ্গোপসাগরের বরণ বাম এলাকায় গতকাল বুধবার রাতে জলদস্যুদের গুলিতে চার জেলে বিদ্ধ হয়েছে। জলদস্যুরা মাছ ধরার তিনটি ট্রলারে হামলা চালিয়ে প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। আহতেরা হলেন নাসির উদ্দীন, কাইয়ুম, এমাদুল ও শাহজাহান। আজ বৃহস্পতিবার সকালে নাসিরকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং বাকি তিনজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জেলেরা জানান, পাথরঘাটা থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের বরণ বাম এলাকায় গতকাল রাত ১১টার দিকে একদল সশস্ত্র দস্যু এফবি এলাহী ভরসা, এফবি মায়ের দোয়া ও এফবি ফারজানা নামের তিনটি ট্রলারে হানা দেয়। এ সময় দস্যুরা এসব ট্রলারের জাল, মাছ, রসদ ও অন্যান্য মালামাল লুটে নেয়। বাধা দিলে জলদস্যুরা জেলেদের লক্ষ্য করে গুলি চালায়। এতে এফবি ফারজানার চার জেলে গুলিবিদ্ধ হন। কোস্টগার্ড পাথরঘাটার কনটিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কোস্টগার্ড ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।