বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ায় ট্রলারডুবি
টেকনাফের বাহারছড়া উপকূলে বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ১৮ জন জেলেসহ একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। তবে সব জেলেকেই উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কারণে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার উপকূলসহ চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।ডুবে যাওয়া ট্রলারের মাঝি সৈয়দ করিম জানান, আজ সকাল সাতটার দিকে টেকনাফের বাহারছড়া উপকূলে ঝোড়ো হাওয়ার কবলে পড়লে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় ঢেউয়ে তোড়ে ১৮ জন জেলেসহ মাছধরা ট্রলারটি ডুবে যায়। অন্য দুটি ট্রলার জেলেদের উদ্ধার করে উখিয়ায় নিয়ে আসে।গতকালও ঝোড়ো হাওয়ার কবলে পড়ে দুটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ট্রলার দুটির জেলেদের উদ্ধার করা গেলেও বশির আহমেদ বাবুল নামে এক জেলে ট্রলারের ধাক্কায় নিহত হয়েছেন বলেও জানা গেছে। বাবুল কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের উত্তর বড়ঘুপ গ্রামের বাসিন্দা। ট্রলার মালিক আবদুর রহিম বাবুলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান ট্রলার ডুবির সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকাল থেকে ঝোড়ো হাওয়ার কারণে সাগর প্রচণ্ড রকম উত্তাল রয়েছে। এ কারণে বহু ট্রলার গভীর সাগর থেকে ফিরে আসতে পারছে না। আজ বিকেল তিনটা পর্যন্ত পাঁচ শতাধিক ট্রলার সাগরে ছিল।