বঙ্গোপসাগরে ট্রলার ডুবে আটজন নিখোঁজ
কক্সবাজারের টেকনাফের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। গতকাল বুধবার গভীর রাতে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনার পর ট্রলারটির আটজন মাঝিমাল্লা এখনও নিখোঁজ রয়েছেন। বাজারপাড় বোটমালিক সমিতির সভাপতি দিল মোহাম্মদ জানান, টেকনাফের শাহপরীর দ্বীপের উত্তরপাড়ার কালা মিয়ার মালিকানাধীন একটি ট্রলার গত ২৪ তারিখ ১১ জন মাঝিমাল্লাসহ সেন্টমার্টিনের অদূরে সাগরে মাছ ধরতে যায়। গতকাল গভীর রাতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের তিনজন সাঁতরে অন্য একটি ট্রলারে করে তীরে ফিরে আসেন। তবে এখনও ওই ট্রলারের আবুল কাছিম মাঝিসহ আটজন নিখোঁজ রয়েছেন।ফিরে আসা জেলে এনায়েতউল্লাহ বলেন, হঠাত্ করে দমকা হাওয়া ও ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তিনজন তীরে পৌঁছাতে পারলেও বাকি আটজন নিখোঁজ রয়েছেন।স্থানীয় ব্যবসায়ী শুক্কুর আলী বলেন, বর্তমানে সাগরে প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে। সাগরে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের সংকেত দেওয়া থাকলেও জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে সাগরে মাছ ধরতে যাচ্ছেন। এখনও সাগরে অর্ধশতাধিক মাছ ধরার নৌকা রয়েছে বলে তিনি জানান।