বঙ্গোপসাগরে নিম্নচাপ: চট্টগ্রাম, মংলা ও কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তদসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসে কর্তব্যরত আবহাওয়াবিদ আবুল কালাম আজাদ আজ বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা ঝোড়ো হাওয়ার সম্মুখীন হতে পারে। সে সঙ্গে মাঝারি থেকে ভারী ধরনের বজ্র ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এ জন্য চট্টগ্রাম সমুদ্রবন্দর, মংলা, কক্সবাজারসহ সমুদ্র উপকূলীয় এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। পাশাপাশি মাছ ধরা ট্রলার ও নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে থাকতে বলা হয়েছে।এদিকে লঘুচাপের প্রভাবে বরগুনাসহ দক্ষিণ উপকূলে ভ্যাপসা গরম ও মেঘলা আবহাওয়া বিরাজ করছে। গতকাল বুধবার গভীর রাতে উপকূলের কোথাও কোথাও বৃষ্টি হয় এবং ঝোড়ো হাওয়া বয়ে যায়। সাগর আজ সকাল থেকে মৃদু উত্তাল রয়েছে। বরগুনা জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রে উপপরিচালক হাফিজ আহাম্মদ আজ দুপুরে প্রথম আলোকে এ তথ্য জানান। চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং মংলা থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি কাল শুক্রবার সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা পার হবে। জানা গেছে, নিম্নচাপটি কেন্দ্রে ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে আরও সাত কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।