বঙ্গোপসাগরে নৌযান দুর্ঘটনায় ১৯টি মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের কাছে গতকাল শনিবার মুসলিম তীর্থযাত্রীর একটি নৌযান ডুবে যাওয়ার ঘটনায় উদ্ধারকর্মীরা ১৯টি মৃতদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে ১৮ জনকে গতকাল শনিবার উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকর্মীরা আজ রোববার আরও একজনের মৃতদেহ উদ্ধার করলেও এখনো ১০০ জনেরও বেশি যাত্রী নিখোঁজ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। চব্বিশ পরগনা জেলার পুলিশপ্রধান লক্ষ্মী নারায়ণ মিনা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৩০ জন স্থানীয় হাসপাতালে চিকিত্সাধীন।পশ্চিম বাংলার পুলিশের উপপরিচালক সুরজিত কর পুরকায়স্থ জানান, গতকাল শনিবার বিকেলে তীর্থযাত্রীরা নৌযানে পশ্চিম মিদনাপুরের হিজলি তীর্থস্থানে প্রার্থনা শেষে কাকদীপ শহরে ফিরছিলেন। এ সময় ঘোড়ামারা দ্বীপের পাশে হুগলি নদীর মুখের পাশ দিয়ে অতিক্রম করা একটি জাহাজের ঢেউয়ের আঘাতে নৌযানটি উল্টে যায়। ৬০ যাত্রীর ধারণক্ষমতাসম্পন্ন ‘মা দুর্গা’ নামের মোটরচালিত এ নৌযানে ১০০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, এটি গত দুই মাসে অল্প সময়ের ব্যবধানে সংঘটিত দ্বিতীয় বড় নৌ-দুর্ঘটনা। গত আগস্টে সুন্দরবনের কাছে একটি ছোট নদীতে নৌযান দুর্ঘটনায় প্রায় ২০ জন নিহত হয়েছিল। এপি।