বঙ্গোপসাগরে ভারতীয় জেলেদের উৎপাত বেড়েছে
ইলিশের শেষ মৌসুমে বঙ্গোপসাগরে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। কিন্তু স্বস্তি ও নিরাপত্তার মধ্যে দক্ষিণ উপকূলের বাংলাদেশি জেলেরা ইলিশ শিকার করতে পারছেন না। ভারতীয় জেলে-ট্রলারগুলো বাংলাদেশের জলসীমায় ঢুকে ইলিশ শিকার করছে। অনেক সময় তারা স্থানীয় জেলেদের তাড়িয়ে দেওয়াসহ জেলেদের মাছ ও রসদ লুট করে নিয়ে যাচ্ছে বলেও জেলেরা অভিযোগ করেছেন। স্থানীয় জেলেরা অভিযোগ করেন, ৪ ও ৫ অক্টোবর বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছে মাছ ধরার সময় এফবি খাজা, এফবি মায়ের দোয়া ১, ২, ৩ এফবি বশির, এফবি সোহরাব, এফবি খানজাহান, এফবি কালু, এফবি শাহ, এফবি আল্লাহর দানসহ ২৫টি বাংলাদেশি মাছধরা ট্রলারে ভারতীয় জেলেরা হামলা ও লুটপাট চালিয়েছে। এফবি আল্লাহর দান ট্রলারের প্রধান জেলে (মাঝি) বাবুল মিয়া জানান, ফেয়ারওয়ে বয়ার কাছে মাছ ধরা অবস্থায় দুই দফায় দুটি ভারতীয় ট্রলার এসে অস্ত্রের মুখে তাঁদের জাল তুলতে বাধ্য করে এবং বাংলাদেশি ট্রলার থেকে জোর করে প্রায় নয় হাজার পিস ইলিশ ও প্রায় তিন হাজার মিটার জাল লুট করে নিয়ে গেছে। এফবি কালু ট্রলারের জেলে শফিক ও লোকমান জানান, এফবি গঙ্গা ও এফবি কৃষ্ণ নামের ভারতীয় ট্রলার দুটিতে ৫০ জনের বেশি সশস্ত্র লোক এই লুটপাট চালিয়েছে।এফবি খানজাহান ট্রলারের মালিক ও মাঝি রহমত ফকির জানান, বাংলাদেশি পতাকা ব্যবহার করে ভারতীয় ট্রলারগুলো বাংলাদেশের জলসীমায় ঢুকে অহরহ অপকর্ম করে যাচ্ছে। প্রায় ১৫ দিন আগে তাঁরা ২০-২২টি ট্রলার নিয়ে এফবি অর্জুন নামের একটি ভারতীয় ট্রলাকে তাড়া করেছিলেন, কিন্তু দ্রুতগতির ট্রলারটিকে তাঁরা ধরতে পারেননি। ওই ট্রলারের লোকজনের কাছে আগ্নেয়াস্ত্র আছে—এমন আশঙ্কায় পরে তাঁরা ফিরে আসেন।এফবি ভাই ভাই ট্রলারের মালিক ও মাঝি বরগুনার পদ্মা গ্রামের হোসেন গাজী জানান, সাগরে মাছের প্রাচুর্য থাকলেই শতাধিক ভারতীয় ট্রলিংজাহাজ ও ফিশিং বোট বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার শুরু করে।তালতলী ট্রলার মালিক ও মৎস্যজীবী সমিতির সভাপতি দুলাল ফরাজী অভিযোগ করেন, ভারতীয় ট্রলারগুলো সোনার চর ও পাথরঘাটার ৩৫-৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এলাকায় ঢুকে অহরহ মাছ শিকার করছে। স্থানীয় জেলেদের ধোঁকা দেওয়ার জন্য তারা সুযোগমতো বাংলাদেশি ও ভারতীয় পতাকা ব্যবহার করছে।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘এমনিতেই ইলিশের মৌসুমের অধিকাংশ সময়ে ইলিশের দেখা পাওয়া যায়নি। শেষ মুহূর্তে এসে ইলিশ পাওয়া যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, জলদস্যুর পর ভারতীয় জেলেদের অত্যাচার স্থানীয় জেলেদের আয়ের উৎসের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সাগরে কোস্টগার্ডের শক্তি বৃদ্ধির পাশাপাশি নৌবাহিনীর নিয়মিত ক্যাম্প স্থাপন ও টহল শুরু করা একান্ত প্রয়োজন হয়ে পড়েছে।’এ ব্যাপারে পাথরঘাটা কোস্টগার্ডের সাব-লেফটেন্যান্ট মিজানুর রহমান বলেন, জেলেদের অভিযোগের ভিত্তিতে নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি দল বাংলাদেশের জলসীমায় নিয়মিত টহলকাজ শুরু করেছে। সাগরে দস্যুতা দমন অভিযানও অব্যাহত রয়েছে।