বঙ্গোপসাগরে ভাসছে হাত-পা বাঁধা ১১ জেলের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার অদূরে আজ সোমবার দুপুরে বঙ্গোপসাগরে হাত-পা বাঁধা ১১ জেলের লাশ ভাসার খবর পাওয়া গেছে। স্থানীয় জেলেরা এ খবর নিশ্চিত করলেও পুলিশ এখনো নিশ্চিত করে কিছু বলেনি।জলদস্যুরা ট্রলারসহ মাছ ও জাল লুট করার জন্য জেলেদের রশি দিয়ে বেঁধে সাগরে নিক্ষেপ করে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।কুতুবদিয়ার আলী আকবর ডেইল গ্রামের জেলে সৈয়দ উল্লাহ ও হাবিবুর রহমান স্থানীয় সাংবাদিকদের জানান, আজ দুপুরে তাঁরা গভীর সাগর থেকে বাড়ি (কুতুবদিয়া) ফেরার পথে সাগরের জাহাজখাড়ি নামের এক স্থানে একটি রশিতে হাত-পা বাঁধা পাঁচজন এবং একটু দূরে আরেক রশিতে বাঁধা আরও ছয়জনের লাশ ভাসতে দেখেন। জাহাজখাড়ি থেকে কুতুবদিয়ার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। চট্টগ্রামের একটি ট্রলারের জেলেরা লাশগুলো দেখে দুজনকে চিনতে পেরেছেন। নিহত ১১ জেলের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খাটখালী গ্রামে বলে ওই জেলেরা ধারণা করেন। জেলেরা জানান, গত তিন দিনে কুতুবদিয়া সাগরে অন্তত সাতটি ট্রলারে তাণ্ডব চালায় জলদস্যুরা। এ সময় দস্যুদের মারধরে অন্তত ৩০ জেলে আহত হয়েছেন। সাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় ১২ জনকে। কুতুবদিয়া থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, ‘জেলেদের মুখে শুনেছি গভীর সাগরে হাত-পা বাঁধা বেশ কিছু লাশ ভাসছে। কয়েকজন জেলে তাঁকে বলেছেন, লাশের সংখ্যা ১১, কেউ আবার বলেছেন ১৮। লাশের সঠিক সংখ্যা নিশ্চিত করার জন্য ঘটনাস্থলে এসেছি।’ পুলিশের আরেক কর্মকর্তা বলেন, গভীর সাগরে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের তাণ্ডব চললেও পুলিশের করার কিছু নেই। কারণ, গভীর সাগরে নেমে জলদস্যুদের প্রতিরোধ করার মতো জলযান পুলিশের নেই। জেলা পুলিশ সুপার মো. আজাদ মিয়া প্রথম আলো ডটকমকে বলেন, ‘গভীর সাগরে ১১ জেলের লাশ ভাসছে বলে খবর পেয়েছি। তাঁদের বাড়ি বাঁশখালীতে। বাঁশখালী থেকে ট্রলারের মাধ্যমে সাগরে গিয়ে নিহত জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে বাঁশখালীর দূরত্ব কম।’ তবে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. ইলতুতমিশ প্রথম আলো ডটকমকে বলেন, ‘১৬ জন জেলের লাশ ভেসে উঠেছে বলে আমরা শুনেছি। ওই হামলার ঘটনায় আরও ১৫-১৬ জন জেলে নিখোঁজ থাকতে পারেন বলে ধারণা করছি।’ তিনি জানান, গত রাতে সন্ত্রাসী হামলায় ওই হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত জেলেদের লাশ বাঁশখালীতে আনা হবে। ইলতুতমিশ বলেন, ‘নৌকার মালিকের বাড়ি বাঁশখালী। এ কারণে বিষয়টির দায়দায়িত্ব কক্সবাজার প্রশাসন আমাদের দিতে চাইছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’