বঙ্গোপসাগরে যুদ্ধঘাঁটি স্থাপনের পরিকল্পনা নেই
বঙ্গোপসাগরে কোনো ধরনের স্থায়ী বা অস্থায়ী যুদ্ধঘাঁটি স্থাপনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন সপ্তম নৌবহরের অধিনায়ক ভাইস অ্যাডমিরাল স্কট এইচ সুইফট। ‘আমাদের লক্ষ্য, বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা, যুদ্ধঘাঁটি স্থাপন করা নয়। আর চট্টগ্রামের মূল আকর্ষণ হলো, সেখানে বাংলাদেশ নৌবাহিনীর স্থায়ী উপস্থিতি রয়েছে। একটি আঞ্চলিক নৌবাহিনী হিসেবে তারা যথেষ্ট অভিজ্ঞ।’বাংলাদেশে সফররত ভাইস অ্যাডমিরাল সুইফট আজ রোববার রাজধানীর হোটেল রেডিসনে এক গোলটেবিল আলোচনায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তাঁর সঙ্গে মার্কিন নৌবাহিনীর সিঙ্গাপুর অঞ্চলের সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল টমাস এফ কার্নি উপস্থিত ছিলেন।আলোচনার শুরুতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা ‘মার্কিন দুই অ্যাডমিরাল নগরে কেন’ প্রশ্নে বলেন, ‘এর উত্তর সহজ। আমেরিকা ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতার সম্পর্ক উত্তরোত্তর গভীর করাই এর উদ্দেশ্য।’উল্লেখ্য, চট্টগ্রামের ঈসা খাঁ নৌঘাঁটিতে বাংলাদেশ নৌবাহিনী ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে দ্বিতীয় বার্ষিক ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং’ (ক্যারাট) আগামী সোমবার শুরু হচ্ছে।