বঙ্গোপসাগরে লঘু চাপ, ৩ নম্বর সতর্ক সংকেত
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘু চাপটি পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে সুস্পষ্ট লঘু চাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর ফলে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, মংলা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরের সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।বায়ু চাপের তারতম্যের আধিক্যের কারণে উপকূলীয় জেলাগুলোতে স্বাভাবিক জেয়ারের চেয়ে দুই থেকে চার ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।লঘু চাপের কারণে আজ বৃহস্পতিবারও চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেখানে ৪০ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।