বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘লাইলা’য় পরিণত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘লাইলা’য় রূপ নিয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় সৃষ্টির খবরে সাগরে মাছধরা নৌকা ও ট্রলারগুলো উপকূলে ফিরতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় ঘূর্ণিঝড় লাইলা কক্সবাজার উপকূল থেকে এক হাজার ২২০ কিলোমিটার ও চট্টগ্রাম বন্দর থেকে এক হাজার ২৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। একই সময় মংলা বন্দর থেকে তা এক হাজার ১৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। গভীর সাগরে অবস্থানরত মাছধরার সব নৌযান ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। কক্সবাজার আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, ঘূর্ণিঝড়টি উপকূল থেকে এক হাজার ২২০ কিলোমিটার দূরে অবস্থান করায় এর গতিবিধি নিয়ে সুস্পষ্ট কিছু বলা যাচ্ছে না। তবে ঘূর্ণিঝড়টি ভারতের দিকে অগ্রসর হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতায় উপকূলে আছড়ে পড়ছে।গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজারের বাঁকখালী নদীতে গিয়ে দেখা যায়, ৫০টিরও বেশি ট্রলার সাগর থেকে ফিরে এসেছে। এফবি কুলসুমা ট্রলারের মাঝি আহমদ নবী (৪৫) জানান, ঘূর্ণিঝড়ের খবর পেয়ে উপকূলে ফিরে এসেছি। কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, গভীর সাগরে কক্সবাজারের প্রায় ছয় হাজার ট্রলার রয়েছে। এগুলোকে দ্রুত উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। সাগর খুবই উত্তাল রয়েছে।