বঙ্গোপসাগরের মোহনায় ১৪০ জন জেলেসহ ১৩টি ট্রলার নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে উপকূলের নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে পাঁচ ফুট জলস্ফীতি বৃদ্ধি পাওয়ায় বরগুনার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে গতকাল বুধবার রাতে পাথরঘাটার হরিণঘাটায় দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় ১৪ জন জেলেসহ এফবি তামিল নামে একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে।পাথরঘাটা সদরের সেলিম মিয়ার দুটি ট্রলার, চরদুয়ানীর বাদশা মিয়া ও বাচ্চু মিয়ার তিনটি, কাঁঠালতলী এলাকার কালাম হোসেনের ও কালাম মাঝির চারটি, ইসমাইল হোসেন ও টেংরা গ্রামের মিন্টু মিয়ার একটি করে ট্রলার এবং এফবি কাজল ও মিন্টু নামে অপর দুটি ট্রলার নিখোঁজ রয়েছে। ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা আজ দুপুরে ফোনে প্রথম আলোকে জানান, ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়ায় ঢেউয়ের তোড়ে এফবি তামিল নামে ট্রলারটি ডুবে যায়। আজ সকালে নিখোঁজ হওয়া ওই ১৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, সাগরে অবস্থানরত অধিকাংশ ট্রলার নিরাপদে চলে আসার খবর পাওয়া গেলেও এখনো ১৩টি ট্রলার নিখোঁজ রয়েছে। এ ১৩টি ট্রলারে ১৪০ জন জেলে রয়েছেন বলে জানা গেছে। তাঁদের বাড়ি পাথরঘাটা ও বরগুনার বিভিন্ন এলাকায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে বর্তমানে সাগর খুবই উত্তাল অবস্থায় রয়েছে।