তারকা দম্পতি হিল্লোল ও তিন্নি কেমন আছেন? হিল্লোল জানান, তাঁদের পাঁচ বছরের সংসারজীবনের ইতি টানছেন তিনি। এরই মধ্যে বিবাহবিচ্ছেদের ব্যাপারে আইনি সব প্রক্রিয়া শুরু করেছেন। এই দম্পতির একমাত্র সন্তান ওয়াইশা। এখন আছে মায়ের কাছে। আগামী ৪ ফেব্রুয়ারি তিন পূর্ণ হবে ওয়াইশার। হিল্লোলের সঙ্গে কথা শুরু হয়েছিল নাটক আর তাঁর অভিনয় নিয়ে। এরই মাঝে চলে আসে তাঁর কিছু ব্যক্তিগত প্রসঙ্গও। আপনাদের বিয়েটা হয়েছিল বেশ ঘটা করে। হঠাৎ বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হচ্ছে কেন?গোড়াতে আমাদের সাংসারিক জীবন যথেষ্ট ভালো ছিল। চিত্রটা দ্রুত পাল্টে যায়। সবকিছু মিলিয়ে আমি বেশ মানসিক চাপ অনুভব করছিলাম। শেষে গত বছরের নভেম্বর মাসে আমার মেয়ের ভবিষ্যৎ আর নিজের কাজকর্মের কথা ভেবেই কঠিন সিদ্ধান্তটা নিতে হয়েছে। কিন্তু টিভির আরেকজন তারকার সঙ্গে আপনাকে জড়িয়ে ইদানীং কিছু কথা শোনা যাচ্ছে।আমরা একসঙ্গে টিভিতে অনেক কাজ করেছি। মাস তিন-চারেক আগে আমরা নিজেদের কিছু ব্যাপার নিয়ে আলোচনা করি। এরপর একে অপরকে চেনার এবং জানার চেষ্টা করছি। তার ওপর আরও রয়েছে আমাদের দুজনেরই পরিবার। অনেক কিছু ভাবতে হচ্ছে। তবে নতুন কিছু করার ব্যাপারে আগামী বছর দেড়েকের মধ্যে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, এটা নিশ্চিত।এবার আপনার অভিনয় নিয়ে কথা বলব। ইদানীং কী কাজ করছেন?রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাঁশি’ কবিতা অবলম্বনে বছর চারেক আগে আশরাফি মিঠু তৈরি করেছিলেন নাটক মনে তার নিত্য আসা যাওয়া। তাতে আমি অভিনয় করেছিলাম। এবার একই কবিতা অবলম্বনে অঞ্জন আইচ একটি নাটক তৈরি করছেন। নাম দিয়েছেন বাঁশি। এখানেও আমিই অভিনয় করছি। ব্যাপারটা আমার নিজের কাছেও ভালো লাগছে।একটু অন্য রকম কোনো কাজ করছেন?আরেকটি কাজের কথা বলব, সুমন আনোয়ারের মায়া। লিখেছেন মাসুম রেজা। একজন প্রতিবন্ধী যুবককে নিয়ে গল্প, যে আসলে প্রতিবন্ধী নয়। ছোট থেকে প্রতিবন্ধীদের সঙ্গে থাকতে থাকতেই ছেলেটির মধ্যে কিছু সমস্যা তৈরি হয়েছে। এতে আমি আর নাদিয়া অভিনয় করেছি।