বছর না ঘুরতেই বাটালি হিলে আবার বসতি
সীমানা দেয়াল ধসে ১৭ জনের মৃত্যুর ঘটনার এক বছর পার হওয়ার আগেই চট্টগ্রামের বাটালি হিলের সেই ঝুঁকিপূর্ণ সীমানা দেয়ালের পাশে আবার অবৈধ বসতি গড়ে উঠছে। ইতিমধ্যে এক কক্ষের অন্তত ১২টি ঘর নির্মাণ করা হয়েছে দেয়ালটির পাশ ঘেঁষে। অথচ ওই দুর্ঘটনার পর গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দেয়ালটির আশপাশ থেকে বসতি উচ্ছেদ করা হয়েছিল।রেলওয়ের মালিকানাধীন পাহাড়টিকে ধস থেকে রক্ষা করতে সীমানা দেয়াল নির্মাণ করে সিটি করপোরেশন। গত বছরের ১ জুলাই এ সীমানা দেয়ালের একাংশ ধসে ১৫ নারী-শিশুসহ ১৭ জন নিহত হয়। দুর্ঘটনার পর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছানে এলাহীর নেতৃত্বে জেলা প্রশাসনের তদন্ত কমিটি এক সপ্তাহের মধ্যে তাদের নয় দফা সুপারিশসহ প্রতিবেদন দাখিল করে। একই ঘটনায় গঠিত সিটি করপোরেশনের তদন্ত কমিটির প্রতিবেদন গত ১০ মাসেও আলোর মুখ দেখেনি। দুর্ঘটনার পর প্রধান প্রকৌশলীসহ চারজনকে সাময়িকভাবে বরখাস্ত করে সিটি করপোরেশন। পরে হাইকোর্টের স্থগিতাদেশ এনে তাঁরা আবার চাকরিতে বহাল হন।জেলা প্রশাসনের অন্যতম সুপারিশ ছিল দেয়ালের পাশ থেকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ ও কারিগরি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করে দেয়ালটি ঝুঁকিমুক্ত করা। সে অনুযায়ী বসতি উচ্ছেদ করা হলেও দেয়ালটি এখনো সেভাবেই রয়েছে। উচ্ছেদ করা বসতিগুলো কয়েক মাস ধরে আবার গড়ে উঠছে। সরেজমিনে দেখা গেছে, সিটি করপোরেশনের প্রায় ২০০ ফুট লম্বা ওই দুই স্তরবিশিষ্ট দেয়ালটির ভাঙা অংশগুলো সরিয়ে ফেলা হলেও এখনো তা মেরামত করা হয়নি। এখন ওই দেয়ালের পাশে অন্তত ১২টি পরিবার নতুন করে ঘর তুলে বসতি গড়েছে। এখনো নতুন নতুন ঘরের নির্মাণ চলছে। মো. ফজল ওরফে ফজল কোম্পানি নামের এক ব্যক্তি নিজে দাঁড়িয়ে থেকে সীমানা দেয়ালের পাশে কাঁচা ঘর নির্মাণের তদারক করছিলেন। মো. ফজল নিজেকে রেলওয়ের ওই জায়গাটির ‘জমিদার’ উল্লেখ করে বলেন, ‘এখানে অনেক জমিদার রয়েছে। দেয়াল ধসের পর র্যাব-পুলিশ এসে আমাদের ঘরগুলো ভেঙে দেয়। তখন তো তাদের সঙ্গে কথা বলা যায়নি। এখন নতুনভাবে আমরা ঘর বাঁধছি। আমার চারটি ঘর রয়েছে। প্রতিটি ঘর থেকে ৬০০ থেকে এক হাজার টাকা করে ভাড়া পাই।’ ঝুঁকির কথা মনে করিয়ে দিলে ফজল বলেন, ‘কিসের ঝুঁকি? এদিকে কোনো সমস্যা নেই। যা ভাঙার ভেঙে গেছে। ভাঙা অংশটিও এখনো মেরামত করা হয়নি।’ এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রামের পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার পর জেলা প্রশাসন দ্রুত তদন্ত করে অবৈধ বসতি উচ্ছেদ করেছিল। এখন মানুষ ঝুঁকি জেনেও যদি আবার ওই জায়গায় আসে, আমরা কী করব! আগামীকাল (আজ) পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভা আছে। ওখানে বিষয়টা আমরা তুলব।’ গত বছরের ১ জুলাই দুই স্তরবিশিষ্ট দেয়ালটির ৫০ ফুটের মতো ভেঙে নিচের বসতির ওপর পড়েছিল। এখন এ দেয়ালের কারণে নতুন-পুরোনোসহ অন্তত ৩০টি ঘর ঝুঁকির মধ্যে রয়েছে। সামনের বর্ষা মৌসুমে আবার দুর্ঘটনার আশঙ্কা করা হলেও এখন পর্যন্ত সিটি করপোরেশন গত বছরের দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন দিতে পারেনি। এ প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান ওয়ার্ড কাউন্সিলর এস এম ইকবাল হোসেন বলেন, ‘আমাদের ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা ছিল। কিন্তু এখনো দিতে পারিনি। কমিটির সদস্য ম্যাজিস্ট্রেট বদলি হয়ে গেছেন। এ ছাড়া আমরা একটি কারিগরি কমিটি করেছিলাম। তাদের প্রতিবেদন সবে হাতে এসেছে। হয়তো সপ্তাহ খানেকের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে পারব।’ ঝুকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার তাগিদ: চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলোকে বর্ষার আগেই সেখান থেকে সরিয়ে নেওয়া ও পুনর্বাসনের সুপারিশ করেছে পাহাড় ব্যবস্থাপনা কমিটি। সংশ্লিষ্ট সব বিভাগকে এই সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামের ১৩টি পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ অবস্থায় অন্তত ৭০০ পরিবার বসবাস করছে বলে সভায় বলা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় নগরের সার্কিট হাউস মিলনায়তনে পাহাড় ব্যবস্থাপনা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান সভায় সভাপতিত্ব করেন। সভায় পাহাড়ধস রোধে প্রতিরোধ দেয়াল সঠিকভাবে নির্মাণের জন্য মালিকদের নির্দেশ প্রদান করেছে কমিটি। ঝুঁকিপূর্ণ পাহাড় চিহ্নিত করতে গঠিত কারিগরি কমিটি এ ধরনের পাহাড়ের সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ১৪টি শনাক্ত করেছে। এর মধ্যে চারটি পাহাড়ের মালিক ঝুঁকিপূর্ণ লোকজনের পরিসংখ্যান সভায় উপস্থাপন করলেও বাকিরা তা করেননি। এ ছাড়া দুর্যোগকালীন উদ্ধারকাজ পরিচালনার জন্য কী কী সরঞ্জাম রয়েছে এবং কী কী সরঞ্জাম কিনতে হবে, আগামী এক সপ্তাহের মধ্যে তার তালিকা প্রণয়ন করে পাহাড় ব্যবস্থাপনা কমিটির কাছে দাখিল করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। সভায় পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাফর আলমকে কমিটির কার্যক্রম সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয়েছে।