বছর বছর খোঁড়াখুঁড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস খানেক ধরে মিরপুর-১ নম্বর সেকশন থেকে হেঁটে বাসায় ফেরেন চাকরিজীবী মোস্তফা কামাল। তাঁর বাসা গোলারটেক এলাকায় এখন কোনো রিকশাচালক যেতে চান না। যাঁরা রাজি হন, তাঁরা আবার অতিরিক্ত ভাড়া দাবি করেন। তাঁদের যুক্তি, অনেকটা রাস্তা ঘুরে এখন গন্তব্যে যেতে হয়। কারণ, মাজার রোডের মদিনা মসজিদের বিপরীত পাশ থেকে গোলারটেক যাওয়ার রাস্তার মুখ বন্ধ করে রাখা হয়েছে। মাজার রোড ও সেই রাস্তায় চলছে পানি নিষ্কাশন নল (পাইপ) বসানোর কাজ।স্থানীয় দোকানি গফুর মিয়া বলেন, ‘মাজার রোড থেকে দোকানে মাল আনতে হয় হাতে করে। এত মাল কি রিকশা ছাড়া আনা যায়? পোলাপাইনরা রাস্তায় বাইর হইলে ডর করে, কখন আবার গর্তে পড়ে যায়।’ দোকানের সামনেই একটি গর্ত দেখালেন তিনি। মাজার রোড থেকে এই সড়ক দিয়েই দারুস সালাম থানা, বর্ধনবাড়ি, গোলারটেক, জহুরাবাদসহ বেড়িবাঁধ এলাকায় যেতে হয়।গিয়ে দেখা গেছে, মাজার রোডের এক পাশে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ফটকের সামনে থেকে গোলারটেক যাওয়ার সড়ক পর্যন্ত রাস্তায় চলছে পানি নিষ্কাশন নল বসানোর কাজ। যার ফলে মাজার রোডে সব ধরনের যানবাহন সড়কের একাংশ দিয়ে যাতায়াত করছে। আর এতে বেঁধে যাচ্ছে যানজট। এই সড়কে রিকশায় নিয়মিত যাতায়াত করেন জহুরাবাদের আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘গত বছরও মাজার রোডের একটু অংশে কাজ হয়েছে। যার জন্য কষ্ট করতে হয়েছে ১০ মাস। মাস তিনেক আগে সড়কটির মেরামত শেষ হয়। এখন আবার একই সড়কে আরেক জায়গায় শুরু হয়েছে একই কাজ। একবারে কাজটুকু করলে সমস্যা কী ছিল?’মাজার রোডের খোঁড়াখুঁড়ি শেষ হবে কবে, জানতে চাইলে ডিসিসির অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, সড়কটির কাজ করছে ঢাকা ওয়াসা। তাদের কাজের সময়সীমা ছিল ১৫ দিন। কিন্তু দেড় মাস পার হতে চলেছে, এখনো কাজ শেষ করতে পারেনি। এ জন্য তিনি ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট প্রকৌশলীকে ডেকে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিয়েছেন। ঢাকা ওয়াসার কাজ শেষ হলে সাত দিনের মধ্যে সড়কে ঢালাইয়ের কাজ শুরু হবে বলে জানান সাইদুর রহমান। মাজার রোডের দুর্ভোগ জানাতে অভিযোগ নম্বর: ৯০১০৯৫৭ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-৭, ডিসিসি)।