বছর শুরুর রেশ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের বয়স কেবল সপ্তাহ দুয়েক। একে বরণ করে নিতে উৎসাহের কমতি ছিল না নগরবাসীর মনে। গ্রেগরিয়ান বর্ষপঞ্জির প্রথম প্রহরে আলোকসজ্জা আর গমগমে শব্দের মাখামাখি ছিল নগরের পাড়া-মহল্লা থেকে শুরু করে পাঁচতারকা হোটেল আর অভিজাত ক্লাবগুলোতে। বছর শুরুর সেই রেশ এখনো হারিয়ে যায়নি নগর থেকে। এটা আঁচ করা যায় ক্যালেন্ডার আর দিনপঞ্জির দোকানগুলোতে গেলে। এ ছাড়া জানুয়ারি মাসজুড়ে নগরবাসী ব্যস্ত নানা উৎসব-আয়োজনে। সেসব নিয়ে লিখেছেন আলী আসিফবদলের পালা‘হ্যাপি নিউ ইয়ার ২০১১’ লেখা কার্ডে সয়লাব নগরের কার্ডের দোকানগুলো। রং-বেরঙের এই কার্ডে চলছে নববর্ষের শুভেচ্ছার লেনদেন। কার্ডের বেচাবিক্রি খানিকটা কমে এলেও নতুন বছরের বর্ষপঞ্জি (ক্যালেন্ডার) আর দিনপঞ্জির (ডায়েরি) বিক্রেতারা কিন্তু একটুও ফুসরত পাচ্ছেন না।ক্যালেন্ডারের পাতায় নতুন বছর আসার এই সুযোগে অনেকেই প্রিয়জনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে নিচ্ছেন। নগরজীবনের শত ব্যস্ততার মধ্যেও প্রিয় মানুষের হাতে পৌঁছে যাচ্ছে নতুন বছরের বর্ষপঞ্জি আর দিনপঞ্জি।নিউ মার্কেটের ১ নম্বর ফটক দিয়ে ভেতরে ঢোকার পর হাতের বাম দিকে গেলেই চোখে পড়বে বেশ কয়েকটি স্টেশনারির দোকান। এসব দোকানে খাতা-কলমের পাশাপাশি দেদারসে বিকিকিনি চলছে নববর্ষের দিনপঞ্জি। উপহারের দিনপঞ্জির চেহারায়ও এসেছে পরিবর্তন। কালো, লাল, নীল, বেগুনি রঙের কভারে মোড়া দিনপঞ্জিগুলো দেখতেও বেশ। তবে বাইরের মোড়ক দেখে দিনপঞ্জি না কেনার পরামর্শ দিলেন বিক্রেতা আল মামুন। তাঁর মতে, সজ্জার পাশাপাশি দিনলিপি লেখার পাতাগুলোও পরখ করে দেখা উচিত।দিনপঞ্জির পাতায়ও দেখা যাচ্ছে পরিপাটির ছাপ। গিফট শপ হলমার্কের লোকেরা তো আবার এককাঠি সরেস। তাঁদের কাছে তালা-চাবি মারা দিনপঞ্জিও আছে। এমন দিনপঞ্জি কিনতে আসা ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ইয়াসমিন বিথি বলছিলেন, ‘ডায়েরির লেখাগুলো মানুষের একান্ত ব্যক্তিগত। তাই আমি চাই না, আমি যাকে ডায়েরি উপহার দেব, সে ছাড়া অন্য কেউ তার লেখাগুলো পড়ুক।’নিউ মার্কেটে বর্ষপঞ্জি কিনতে আসা চাকুরে শরীফ রহমান বলছিলেন, ‘কোনো কোনো বাড়ির দেয়ালে সাঁটানো ক্যালেন্ডার দেখে হাঁ করে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আমি আসলে পছন্দমতো একটি ক্যালেন্ডার খুঁজছি, যেটা আর সবারটার চেয়ে অন্য রকম হবে।’ পছন্দের বর্ষপঞ্জি কিনতে অনেকে আবার যাচ্ছে পুরানা পল্টনে। সেখানে আজাদ প্রোডাক্টসসহ বর্ষপঞ্জির অন্য দোকানগুলোতে নতুন বছরের বাহারি সব ক্যালেন্ডার দেখা গেছে।বর্ষপঞ্জির দোকানগুলোতে ফুল, পাখি, নিসর্গ, বিদেশি ভবন, দামি গাড়ির ছবি প্রভৃতি নিয়ে বর্ষপঞ্জির পাতা সাজানো হয়েছে।উৎসবের ছোঁয়াগ্রেগরিয়ান বর্ষবরণে ঢাকা নগরের নিজস্ব কোনো ঐতিহ্য বা রীতি না থাকলেও এ বছর কিন্তু উৎসব-আয়োজনের ঘাটতি ছিল না। নতুন বছরের প্রথম প্রহরে আলোকসজ্জা আর উত্তাল সুরে কেঁপে উঠেছিল নগরের আকাশ-বাতাস। পাঁচ তারকা হোটেল, অভিজাত ক্লাব থেকে শুরু করে পাড়া-মহল্লার মাঠ, বাড়ির ছাদের আঙিনায় জমে উঠেছিল নাচ-গানের আসর। মাঠ-মাতানো কনসার্টে, ক্রেতামুখর বাণিজ্য মেলায় আর শিল্পকর্মের গ্যালারিগুলোতে নিত্যনতুন প্রদর্শনী জানান দিচ্ছে যে উৎসবের ছোঁয়া লেগেছে নগরে।বন্ধুদের নিয়ে নেচে-গেয়ে নতুন বছরকে স্বাগত জানাতে হোটেল র‌্যাডিসনের টেনিস কোর্টে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল হাসান। মালেশিয়ান ব্যান্ড হাইপারড্রাইভের পরিবেশনা, বেলি ড্যান্স আর দেশি ডিজেদের পাগল করা বাদ্য-বাজনার ভেতর দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে পেরে তিনি মুগ্ধ। উদ্যাপনের ছটা কিন্তু রাঙিয়েছিল শেরাটন, প্যান প্যাসিফিক সোনারগাঁও, ওয়েস্টিনের মতো অভিজাত হোটেলগুলোতেও।ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, বাঘা ক্লাব, ফু-ওয়াং ক্লাবের মতো অভিজাত ক্লাবগুলোও কিন্তু উদ্যাপনের দৌড়ে কম যায়নি। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল, টিএসসি এলাকাসহ নগরের বেশির ভাগ এলাকার ফাঁকা মাঠ আর ভবনের ছাদও নতুন বছর উদ্যাপনের জোয়ারে ভেসেছিল।নতুন বছর শুরুর পর প্রায় প্রতিটি দিনেই কোনো না কোনো উৎসবের সাজে সেজে উঠছে নগর। বছরের প্রথম দিনেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়। তার পরের দিন বনানীর আর্মি স্টেডিয়ামে একই মঞ্চে নগর বাউল, এলআরবি ও মাইলস—বাংলাদেশের বিখ্যাত তিন ব্যান্ড দল। বছরের শুরুতে নগরের তরুণদের জন্য এটি ছিল বিরাট এক পাওয়া। ওই দিন থেকে আবার ছেলে-বুড়ো, নারী-পুরুষ সবাই ক্রিকেট বিশ্বকাপের টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়ছিলেন সিটি ব্যাংক, অগ্রণী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলোতে।নতুন বছরে নগরের সংস্কৃতি জগতের সুখবরও কম নয়। ঢাকা আর্ট সেন্টার জমজমাট তাদের নতুন আঁকিয়েদের ছবির প্রদর্শনীতে। জানুয়ারির প্রথম সপ্তাহেই আলোকচিত্রপ্রেমীদের কাছে খবর পৌঁছে গেছে যে আসছে ২১ জানুয়ারি দৃক আর পাঠশালার আয়োজনে শুরু হচ্ছে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ছবিমেলা-৬। এদিকে বাণিজ্য মেলা শুরু হতে না হতেই আবার ৫ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত হোটেল শেরাটনে হয়ে গেছে ‘কিউবি ল্যাপটপ মেলা ২০১০’। ফ্যান্টাসি কিংডম আবার নতুন বছরে কনসার্ট আয়োজন করে ৭ জানুয়ারি। ওইদিনই রমনার বটমূলে পৌষমেলা শুরু হয়, আর তা শেষ হয়েছে গতকাল। উৎসব, মেলা আর আনন্দ আয়োজন—এসব মিলিয়ে নতুন বছরের শুরুটা মন্দ নয়, এমনটাই জানালেন বিনোদনপিয়াসীরা।