বছর শেষে মারমুখী জামায়াত শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে ২০১২ সালের প্রায় পুরোটা সময়ে নানাভাবে আলোচনায় ছিল জামায়াতে ইসলামী ও দলটির ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের তৎপরতা। বছরের শেষ দিকে এসে হঠাৎ রাজপথে দলটির কর্মীদের মারমুখী আচরণে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠার পাশাপাশি এক আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ দলটির কয়েকজন নেতার বিচারের কাজ গত নভেম্বরের দিকে প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছায়। সাঈদীর মামলার রায় ঘোষণার পরিস্থিতি তৈরি হওয়ার পর আমরা দেখলাম জামায়াত-শিবিরের কর্মীরা সহিংস কর্মসূচি নিয়ে রাস্তায় নামা শুরু করেছেন। নানা কর্মসূচির আড়ালে দল দুটির কর্মীরা রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ অন্তত ২২টি জেলায় পুলিশের ওপর চড়াও হন এবং গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে সেই অস্ত্র দিয়ে পুলিশকে আঘাত করার ঘটনাও ঘটে।জামায়াত-শিবিরের এই সহিংস আচরণের সূচনা ঘটে ৫ নভেম্বর ঢাকায় ও ৬ নভেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে। যুদ্ধাপরাধের অভিযোগে আটক দলের নয়জন নেতার মুক্তিসহ আরও কিছু দাবিতে ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেয় জামায়াত। ৫ নভেম্বর রাজধানীর মতিঝিলে মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে জামায়াত-শিবিরের কর্মীদের। এর রেশ ধরেই শুরু হয় চোরাগোপ্তা মিছিল ও পুলিশের ওপর হামলার ঘটনা। সহিংসতা চালানো হয় দেশের বিভিন্ন জেলায়।নভেম্বরের শেষ দিকে এসে একই দাবিতে ৩ ডিসেম্বর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর সড়কে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয় জামায়াত। সমাবেশের অনুমতি না পেয়ে ৪ ডিসেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি। সহিংস হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মধ্য দিয়ে পালিত হয় এই হরতাল।হঠাৎ সহিংস হয়ে ওঠা জামায়াত-শিবিরের এ ধরনের তৎপরতার মুখে তাদের ব্যাপারে কঠোর অবস্থান নিতে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সহিংসতায় ইন্ধন জোগানোর অভিযোগে ডিসেম্বরে র‌্যাব গ্রেপ্তার করে এ টি এম আজহারুল ইসলামের পর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পাওয়া শফিকুর রহমান ও আরেক কেন্দ্রীয় নেতা তাসনীম আলমকে। এর আগে গ্রেপ্তার হন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আর নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির অর্ধশত নেতা-কর্মীকে। সেলিম জাহিদ