বছরজুড়েই ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনা চারেক মানুষ প্রাণপণে একটি পিকআপ ভ্যান ঠেলছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। যানটি একচুলও নড়ছে না। পিকআপ ভ্যানটির পেছনের দুই চাকা একটি খাদে আটকে আছে। এ দৃশ্য দেখা গেল উত্তরার ৭ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে।এ বিষয়ে স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন জানান, এক বছরের বেশি সময় ধরে সড়কটি বেহালে আছে। কয়েক মাস আগে মেরামতের জন্য রাস্তাটি খোঁড়াখুঁড়ি করা হয়। কিন্তু তারপর আবার কাজ বন্ধ রাখা হয়েছে। এখন রাস্তাটির কয়েক জায়গায় কাদামাটি জমে আছে। পথচারীরা অনেক কসরত করে জামা-জুতো বাঁচিয়ে চলাচল করছে।এলাকাবাসী জানান, ৫ নম্বর সড়কটি উত্তরার ৭ নম্বর সেক্টরের অন্যতম প্রধান সড়ক। রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স থেকে শুরু হওয়া এই সড়কের দুই পাশে রয়েছে বেশ কিছু বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। এ ছাড়া আছে বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান।অনেক আবাসিক ভবনও দেখা গেছে সড়কের দুই পাশে। যারা এই ভবনগুলোর বাসিন্দা তাদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, সড়কের এ অবস্থা থাকায় তারা অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। যেমন—হকার পত্রিকা দিতে বাসায় আসতে পারে না। আবর্জনার গাড়িও আসতে পারে না বাসার পাশে। আবার তারা যানবাহন-সংকটেও পড়ছে। কারণ, ট্যাক্সিক্যাব, সিএনজি আটোরিকশা ও রিকশাচালকেরা ৫ নম্বর সড়কে আসতে চান না। যাঁরা আসেন, তাঁদের বেশি ভাড়া দিতে হয়।রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের পাশে ৫ নম্বর সড়কে দেখা গেছে, নর্দমার (ড্রেন) ময়লা পানি উপচে সড়ক কাদাপানিতে সয়লাব। এখানে সড়কের ওপর আবর্জনার স্তূপও আছে। এখানকার এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) ম্যানেজার (এস্টেট) ওবায়দুল্লাহ্্ নোমান বলেন, ‘এটা নিয়ে আমরা সিটি করপোরেশনে বেশ কয়েকবার লিখিত অভিযোগ করেছি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে একবার ময়লা পরিষ্কার করলেও এখন আর ওই রকম কোনো কার্যক্রম দেখা যায় না। ভাঙা রাস্তার বিষয়ে অভিযোগ করেও কোনো ফল পাইনি। ফলে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের চলাফেরায় বেশ কষ্ট করতে হচ্ছে।’সড়কের মেরামতকাজ শেষ করা হচ্ছে না কেন, জানতে চাইলে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান জিকে এন্টারপ্রাইজের সাইট ব্যবস্থাপক মোশারফ হোসেন বলেন, ‘আমরা আশা করছি, মাস খানেকের মধ্যে এই সড়কটির কাজ শেষ করতে পারব। তখন এলাকাবাসীর আর দুর্ভোগ থাকবে না।’৫ নম্বর সড়কের বেহাল দশার বিষয়ে ডিসিসির ১ নম্বর ওয়ার্ডের (ভারপ্রাপ্ত) কাউন্সিলর কাজী হযরত আলী জানান, আঞ্চলিক কার্যালয় ও সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে তিনি যোগাযোগ করবেন। কেন সড়কের কাজ বন্ধ আছে, তা জেনে যথাযথ ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।