বছরে গ্রেপ্তার ৫০ হাজার, তবু থেমে নেই মাদকের বিস্তার
দেশে মাদকাসক্তের প্রকৃত সংখ্যা কত, এর কোনো সঠিক পরিসংখ্যান নেই। তার পরও বিভিন্ন গবেষণার তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৫০ লাখ লোক মাদক গ্রহণ করে। এই মরণ নেশার অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে সরকারের নানা বাহিনী ও সংস্থা তৎপর রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বছরে প্রায় ৫০ হাজার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। এর পরও থেমে নেই মাদক-বাণিজ্য। বরং বছর বছর বাড়ছে এর বিস্তার। দুই বছর আগে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য ছিল, দেশে মাদক ব্যবসায় জড়িয়ে প্রায় এক লাখ মানুষ। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত ছড়িয়ে রয়েছে এসব চক্রের জাল। ‘চাইলেই পাড়ার মুদি দোকানদার আপনার বাসায় চাল-ডাল পৌঁছে দেবে না। কিন্তু চাওয়া মাত্রই আপনার হাতে পৌঁছে যাবে পছন্দসই মাদক। আমরা আসলেই ঢাল-তলোয়ারহীন নিধিরাম সর্দারের মতো।’ আক্ষেপ করে কথাগুলো বলছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা উপ-অঞ্চলের পদস্থ এক কর্মকর্তা। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এখন মোট জনবল মাত্র এক হাজার ২৭৭ জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক প্রতিবেদনে দেখা যায়, রাজধানীতেই ৩৭৪টি চিহ্নিত মাদক বিক্রয়কেন্দ্র রয়েছে। দুই বছর আগে সরকারের একটি সংস্থা এসব কেন্দ্রের তালিকা তৈরি এবং জড়িত ৫৬৮ জন মাদক ব্যবসায়ীকে চিহ্নিত করে। তাদের মধ্যে নারী বিক্রেতা ১৩৮ জন। অবশ্য চিহ্নিত এসব কেন্দ্রের বাইরেও রয়েছে অসংখ্য ভাসমান বিক্রেতা। ভাসমান বিক্রেতা হিসেবে উল্লেখযোগ্যসংখ্যক শিশুকে ব্যবহার করা হচ্ছে। এই শিশুদের প্রায় সবাই মাদকাসক্ত।তবে দুই বছর আগের করা তালিকা ধরে সম্প্রতি সরেজমিনে ঘুরে অনেকগুলোরই অস্তিত্ব পাওয়া যায়নি। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর অভিযানসহ বিভিন্ন কারণে মাদক বিক্রয়কেন্দ্রগুলোর ঠিকানা প্রায়ই পরিবর্তিত হয়।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে রয়েছে মাদকের জাল। এই জাল আবার যুক্ত রয়েছে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা মাদকের জালে। তবে বাংলাদেশে বেশির ভাগ মাদক আসছে ভারত থেকে চোরাই পথে। এর মধ্যে ফেনসিডিল আসছে সবচেয়ে বেশি। এ ছাড়া আকাশপথে হেরোইন, কোকেন বা ইয়াবার মতো মাদকও আসছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মাদকচক্রের শেকড় বহু দূর পর্যন্ত বিস্তৃত। এরা ধরা পড়ে আবার জামিন পেয়ে বেরিয়ে যায়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবু তালেব প্রথম আলোকে বলেন, দেশে বছরে ৩০ থেকে ৩৫ হাজার মাদকসংক্রান্ত মামলা হয়। গড়ে বছরে প্রায় ৩৫ থেকে ৫০ হাজার লোক গ্রেপ্তার হচ্ছে। এদের বেশির ভাগই ধরা পড়ার এক সপ্তাহ থেকে ছয় মাসের মাথায় জামিন বেরিয়ে যায়। জামিনে বেরিয়েই এরা আবার একই পেশায় জড়িয়ে পড়ছে। আবু তালেব জানান, ২০০২ সালের আগ পর্যন্ত মাদক আইনের মামলাগুলো জামিনযোগ্য ছিল না। কিন্তু ২০০২ সালে সংশোধনীর মাধ্যমে এগুলোকে জামিনযোগ্য করা হয়েছে। এ কারণে ধরা পড়ার পরপরই তারা জামিনে বেরিয়ে যাচ্ছে। এখন এদের সমূলে উৎপাটন করতে না পারলে থামানো যাবে না।মাদকাসক্তের সংখ্যা কত: ২০০৪-০৫ সালে মানসিক স্বাস্থ্য ইউনিট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরিপে বলা হয়, দেশের মোট জনসংখ্যার দশমিক ৬ শতাংশ মানুষ মাদকাসক্ত। এই হিসাবে বাংলাদেশের ১৫ কোটি মানুষের হিসেবে দেশের প্রায় ১০ লাখ মাদকাসক্ত থাকার কথা।২০০৮ সালে ২৬ জুন বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক বলেছিলেন, দেশে মাদকাসক্তের সংখ্যা ৪৬ লাখ।জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, ‘জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয়ের (ইউএনওডিসি) করা গবেষণা অনুযায়ী, দেশের শতকরা ১০ শতাংশ মানুষ মাদকাসক্ত। এই জরিপে তারা দেশের (তামাক) ধূমপায়ীদেরও অন্তর্ভুক্ত করেছে। সেখান থেকে ধূমপায়ীদের বাদ দিয়ে আমরা ধরে নিতে পারি, এখন মাদকাসক্তের সংখ্যা প্রায় অর্ধকোটি।’ তবে এ নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে স্বীকার করেন তিনি।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও দেশের বিপুল জনগোষ্ঠী যে মাদকাসক্ত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। চিকিৎসকেরা বলছেন, মাদকাসক্তি ডায়াবেটিসের মতো একটি রোগ। এদের চিকিৎসা প্রয়োজন। অথচ দেশে সরকারি পর্যায়ে মাত্র চারটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে। চারটিতে মোট ৫৫টি শয্যা ও সাতজন চিকিৎসক আছেন। এর মধ্যে আবার পাঁচ শয্যার একটি চিকিৎসাকেন্দ্র এখন বন্ধ।শহরাঞ্চলে বেশি আসক্ত: মানসিক স্বাস্থ্য ইউনিট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে বলা হয়, মাদকাসক্তদের মধ্যে অর্ধেকেরও বেশি শহরাঞ্চলে থাকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশের মাদকাসক্তদের মধ্যে বেশির ভাগেরই (৪৫ শতাংশ) বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে। আবার তাদের বেশির ভাগই বেকার (৪৪ শতাংশ)। এরা পরিবারের আয়ে চলে, আবার কেউ কেউ মাদকের অর্থ জোগাতে অপরাধেও যুক্ত হচ্ছে। জরিপের বলা হয়, শতকরা ৯০ শতাংশই বন্ধুদের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়েছে। মাদকাসক্ত চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগীদের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।প্রচলিত মাদক: মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মাদক নিরাময় কেন্দ্রের কর্মকর্তাদের তথ্যানুযায়ী দেশের সবচেয়ে ব্যবহূত মাদক হচ্ছে গাঁজা ও ফেনসিডিল। এরপর হেরোইন ও শিরায় নেওয়া হয় (বুপ্রেনঅরফিন, বোমাজিপ্রাম) এমন মাদকগুলো বেশি ব্যবহূত হয়। কয়েক বছর ধরে ইয়াবার ব্যবহার বাড়ছে খুবই দ্রুত। মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ‘আপন’-এর পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল জানান, দুই বছর আগেও ইয়াবায় আসক্ত কোনো রোগী তিনি পাননি। কিন্তু এখন ইয়াবা আসক্ত প্রচুর রোগী আসছে।খাবার না থাক, নেশা চাই: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনের ফুটপাতে জবুথবু হয়ে বসে ছিলেন আসলাম। কাছে যেতেই হাত পেতে টাকা চাইলেন খাবার খাওয়ার জন্য। তাঁর ছেঁড়া গেঞ্জির পকেট থেকে তখনো উঁকি মারছিল সিরিঞ্জের মাথা। জানালেন, দিনে অন্তত একবার নেশা না করলে আর থাকতে পারেন না। খাওয়া হোক বা না হোক, কোনো রকমে ৩০-৪০ টাকা জোগাড় হলেই ছুটে যান ওষুধের দোকানে। আসলামের মতো এ রকম অনেক মাদকাসক্ত ঢাকার পথে পথে দিন কাটাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলেন, মাদকের অর্থ জোগাতে এমন কোনো কাজ নেই, যা এরা করতে পারে না।