বছরে প্রায় ১০ হাজার নাবিকের ইউরোপে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মেরিন একাডেমির সনদকে স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর ফলে ইউরোপের দেশগুলোতে প্রতি বছর পাঁচ থেকে দশ হাজার বাংলাদেশি নাবিকের চাকরির সুযোগ তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।সংসদ ভবনে সংসদীয় কমিটির সভা শেষে কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী সাংবাদিকদের জানান, ১৯৭৮ সালে বাংলাদেশের মেরিন একাডেমির সনদের স্বীকৃতি বাতিল করে ইউরোপের দেশগুলো। সর্বশেষ গত ২৫ নভেম্বর ইউরোপীয় ইউনিয়ন পুনরায় বাংলাদেশের সনদকে স্বীকৃতি দিয়েছে। ফলে ভবিষ্যতে বাংলাদেশের মেরিন একাডেমি থেকে পাস করা ক্যাপ্টেন এবং নাবিকেরা ইউরোপীয় দেশের জাহাজে চাকরি নিতে পারবেন।কমিটির সভাপতি আরও জানান, মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বর্তমানে দেশি ও বিদেশি জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকদের সংখ্যা প্রায় ১১ হাজার। প্রতি বছর তিনটি সরকারি এবং নয়টি বেসরকারি মেরিন একাডেমি থেকে ৫০০-এর মতো ক্যাডেট পাস করেন। নতুন করে চাকরির সুযোগ তৈরি হওয়ায় সরকার বেশ কয়েকটি নতুন মেরিন একাডেমি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য সংসদীয় কমিটি প্রথম ধাপে খুলনা, নারায়ণগঞ্জ ও বরিশালে একটি করে মেরিন একাডেমি স্থাপনের সুপারিশ করেছে। মেরিন একাডেমি স্থাপনের জন্য অচিরেই নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জমি অধিগ্রহণের কাজ শুরু হবে।নূর-ই আলম চৌধুরীর সভাপতিত্বে গতকালের সভায় কমিটির সদস্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মজাহারুল হক প্রধান, হাবিবুন নাহার, সামশুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।