বছরে ১০০ মামলা নিষ্পত্তি হলে দুর্নীতি করার সাহস হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি নির্মূলে বছরে অন্তত ১০০টি দুর্নীতির মামলার চূড়ান্ত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন দুর্নীতি কমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। তিনি বলেন, ‘বছরে যদি অন্তত ১০০টি মামলা নিম্ন আদালত থেকে শুরু করে আপিল বিভাগে নিষ্পত্তি হয়ে যায়, তাহলে দেখা যাবে দুই-চার বছরের মধ্যে কারও আর দুর্নীতি করার সাহস থাকবে না।’গতকাল বৃহস্পতিবার দুদকের কার্যালয়ে দুদকের কর্মকর্তাদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্থাটির চেয়ারম্যান এ কথা বলেন। দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ জন্য বিচারপ্রক্রিয়া, বিচারক, আইনজীবী সবাইকেই নিজ নিজ ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখতে হবে। বিচারের দীর্ঘসূত্রতা দূর করতে হবে।এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সুশাসন প্রকল্পের আওতায় ও বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) কারিগরি সহায়তায় তিনটি ব্যাচে মোট ৭৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে ২৫ জনকে আগেই সনদ দেওয়া হয়েছিল। গতকাল দেওয়া হয় আরও ৫০ জনকে। এই ৭৫ জনের মধ্যে ৫০ জন কর্মকর্তাকে দুদকের তদন্ত ও অনুসন্ধানের কাজে নিয়োজিত করা হবে বলে অনুষ্ঠানে জানান সংস্থাটির চেয়ারম্যান।দুদকের চেয়ারম্যান বলেন, দুর্নীতি মানুষকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। দুর্নীতির শিকার যেমন এতে ক্ষতিগ্রস্ত হয়, তেমনি ক্ষতির শিকার হয় গোটা জাতি। মোট দেশজ উত্পাদনের (জিডিপি) ১ দশমিক ৫ থেকে ২ শতাংশ দুর্নীতির কারণে ব্যাহত হচ্ছে। দুর্নীতিকে সহনশীল পর্যায়ে নিয়ে আসতে পারলে রাষ্ট্রের প্রায় এক লাখ কোটি টাকা বাড়তি আয় হবে। দুর্নীতি কমানোর উপায় নিয়েও কথা বলেন দুদকের চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমার ধারণা জন্মেছে, দুর্নীতি বহুলাংশে কমানো সম্ভব। এ জন্য সম্মিলিত প্রয়াসের প্রয়োজন। শুধু দুককের কর্মকাণ্ডে দুর্নীতি লাঘব হবে না। মন্ত্রী থেকে শুরু করে ছোট অফিসের কর্মকর্তাদের সুস্পষ্ট প্রতিজ্ঞা ও অঙ্গীকার থাকতে হবে। নিজ নিজ কর্মস্থলকে সত্ রাখার চেষ্টা করতে হবে। চিন্তা ও কর্মে সবাইকে সত্ হতে হবে। সর্বোপরি সরকারের আন্তরিকতা থাকতে হবে। এটা আছে বলে আমার বিশ্বাস। গণতান্ত্রিক পরিবেশে দুর্নীতি হ্রাস না হয়ে পারে না। কারণ, গণতন্ত্রে জবাবহিদি থাকে।’দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে গোলাম রহমান বলেন, ‘যদি মামলা বছরের পর বছর চলতে থাকে তাহলে দুর্নীতিবাজেরা উত্সাহিত হবে। এ জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যদি কোনো অভিযোগ উত্থাপিত হয় ও যদি কোনো মামলা করা হয়, তার দ্রুত নিষ্পত্তি।’ তিনি বলেন, জনগণকে সোচ্চার থাকতে হবে যে, ‘আমরা দুর্নীতি করব না, দুর্নীতি মানব না।’ সবার মধ্যে এ মনোভাব থাকলে দুদকের কাজ অনেক সহজ হবে।বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর দেলোয়ার হোসেন বলেন, ‘দুদকের একটি কাজ হওয়া উচিত দুর্নীতি নিয়ে গবেষণা। সিঙ্গাপুরে ১৯৬৫ সালেও আমাদের চেয়ে বেশি দুর্নীতি ছিল। তারা কীভাবে পরিস্থিতির উত্তরণ ঘটাল, তা আমাদের জানতে হবে। কেন মানুষ দুর্নীতি করে, এ বিষয়টিও জানা দরকার।’ তিনি বলেন, ‘গত কয়েক দশকে সমাজে একটি পরিবর্তন ঘটে গেছে। আগে যে দু-একজন দুর্নীতি করত, তাদের সামাজিকভাবে ছোট হয়ে থাকতে হতে; অনেকে এমন লোকের বাসায়ও যেত না। আর এখন যারা দুর্নীতি করে না, তারাই চুপেচাপে থাকে। তাদের ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনাও করতে পারে না।’ বেতনকাঠামো উন্নত করার পরামর্শ দিয়ে দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে বেতন দেওয়া হয়, তা পৃথিবীর অনেক গরিব দেশের তুলনায়ও কম। ভারতের তুলনায় বাংলাদেশে সরকারি কর্মচারীদের বেতন ৬০ শতাংশ ও পাকিস্তানের তুলনায় ৫০ শতাংশ কম। সম্মানজনক বেতন না দিয়ে পরকালে আগুনে পুড়বেন—এ কথা বলে দুর্নীতি কমানো যাবে না। চাকরির বয়স সাত থেকে ১০ বছর হলে বাড়ি ও গাড়ি কেনার জন্য ঋণ দেওয়া ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য বিশেষ উদ্যোগ নেওয়ারও পরামর্শ দেন দেলোয়ার হোসেন। সর্বোপরি সত্ কর্মকর্তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে প্রশংসা করার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।