‘এখন পর্যন্ত শুনিনি বাজেটের পর কোনো জিনিসের দাম কমেছে। আমরা ছোট ব্যবসায়ী। এবার শুনছি এক লাখ ৯২ হাজার কোটি টাকার বাজেট। আমাদের অভিজ্ঞতা হলো, যত বড় বাজেট, জিনিসপত্রের দামও বাড়ে তত বেশি।’ বলছিলেন মগবাজার মোড়ের ক্যাপিটাল হার্ডওয়্যারের ব্যবসায়ী জসিম উদ্দিন। বাজেটে উন্নয়নের কথা শুনলেও তাঁদের ব্যবসায় কোনো উন্নতির প্রভাব পড়ে না বলেই জানালেন জসিম। এখানে একটা নিয়মই হয়ে গেছে—বাজেটের পর জিনিসের দাম বাড়ে। যেমন, গত বছর এক গ্যালন বার্জার প্লাস্টিক পেইন্টের দাম ছিল ৬৯০ টাকা, বাজেটের পর হলো ৭২০ টাকা। মাঝে আরও দুই দফা বাড়ার পর এখন ৭৯০ টাকা। কমিশন যা ছিল, তা-ই আছে। উপরন্তু মাসের গড় বিক্রি কমে গেছে। ওদিকে নানা রকম করের অঙ্ক বাড়ছে। বাজারে কাঁচা তরিতরকারিসহ যাবতীয় জিনিসের দাম বাড়তি। জ্বালানি তেল, বিদ্যুৎ—সবকিছুর দাম বাড়তি। বাড়িভাড়াও বাড়বে। বাজেটের প্রভাব সাধারণ মানুষের জীবনে কোনো উন্নতির আলো ফেলে না বলেই মন বেজার করে মন্তব্য করলেন তিনি।মোটা চালের সর্বনিম্ন দাম ৩০ টাকা কেজি। ডিমের হালি ৪০ টাকা; মসুর ডাল ৮০ টাকা ছিল, হয়েছে ১০৫ টাকা; ১৮ টাকা কেজির লবণ এখন ৩৫ টাকা। কারওয়ান বাজারে খোঁজ নিয়ে দেখা গেল, বাজেট ঘোষণার আগেই ডাল, মসলা, সরু চালসহ নানা ধরনের ভোগ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। চালের আড়ত হাজি ট্রেডার্সের ব্যবসায়ী ফিরোজ আলম বলেন, ‘এখনো তো বাজেট পাস হয়নি। তবে দাম কমার কোনো সম্ভাবনা নেই। বাড়তে পারে কেজিপ্রতি দু-এক টাকা।’এই বাড়তি খরচ কেমন করে মেটাবে স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ? নুন আনতে পান্তা ফুরানো বাঁধা আয়ের চাকরিজীবী মধ্যবিত্ত? ভূমি মন্ত্রণালয়ের কর্মচারী কাজী সিরাজুল বারী বিকেলে অফিস থেকে ফিরছিলেন। বাজেটের প্রভাব কেমন হবে তাঁর সংসারে—আচমকা এই প্রশ্নের মুখে পড়ে বললেন, ‘আমরা ভাই গোনাগুনতি আয়ের সামান্য চাকুরে। অত বড় বড় অঙ্কের বরাদ্দ-কর্তনের হিসাবে আমাদের মাথায় জট পাকিয়ে যায়। জিনিসপত্রের দাম বাড়বে। বিদ্যুৎ-গ্যাস-পানির বিল বাড়বে। যানবাহনের ভাড়া বাড়বে। বাড়িভাড়াও। কিন্তু বেতন বাড়বে না। সৎভাবে আয় বাড়ানোর উপায়ও আমাদের নেই। সংসারের বাজেটে ঘাটতি পড়বে। অভাব-অনটন, ধারকর্জ—এসবের মধ্য দিয়েই চালিয়ে নিতে হবে। দুশ্চিন্তা বাড়বে। অসুখ-বিসুখও বাড়বে, এই তো!’ প্রায় একনিঃশ্বাসে বলে গেলেন তিনি।খোঁজ নেওয়া হলো ওষুধের দোকানে। নিউ ইস্কাটন রোডের আমানত ড্রাগসের অতুল রায় জানালেন, প্রতিবছরই বাজেটের পর কিছু গ্রুপের ওষুধের দাম বাড়ে। যেমন, গতবার প্যান্টোপ্লাজল, রেনিটিডিন, অ্যাম্লোডিকসিন—এসব গ্রুপের এবং ডায়াবেটিসের ওষুধের খুচরা দাম ১০টির প্রতি পাতা ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছিল। এবার সবে বাজেট ঘোষিত হলো। রীতিমাফিক কোনো কোনো গ্রুপের ওষুধের দাম হয়তো এবারও বাড়বে, জানালেন তিনি। সঙ্গে এটাও জানিয়ে দিতে ভুললেন না, দাম বাড়লেও তাঁদের কমিশনের অঙ্কটি বাড়ে না।বেশ রসিক নিউমার্কেটের তৈরি পোশাক বিক্রির দোকান শাপলা গার্মেন্টসের ব্যবসায়ী গিয়াসউদ্দিন। তিনি বললেন, ‘আমাদের আর প্রতিক্রিয়া কী? প্রতিক্রিয়া তো দেবেন রাজনৈতিক নেতারা। বুদ্ধিজীবীরা। তাঁদের অবশ্য একটি নির্দিষ্ট ফরমা আছে। সেই যে আমরা স্কুলে ছুটির দরখাস্তে ‘টু দ্য হেডমাস্টার’ লিখতাম, তেমন। যাঁরা বিরোধী দলে যাবেন তাঁরাই বলবেন ‘গরিব মারা বাজেট’। আর যাঁরা সরকারি দলে থাকবেন তাঁরা বলবেন ‘উন্নয়নের বাজেট’। এই তো ভাই বছরের পর বছর দেখে আসছি। উন্নয়নের বাজেটে যেমন গরিব মানুষের কোনো উন্নয়ন দেখি না, তেমনি যাঁরা বলেন গরিব মারা বাজেট, তাঁদেরও গরিবের জন্য কোনো আন্দোলন করতে দেখি না।’প্রতিবছরই নতুন বাজেট আসে। প্রতিবারই লোকে রেডিও বা টিভিতে শোনেন সংসদে দেওয়া অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা। তবে অতীত অভিজ্ঞতার আলোকে খুব সহজ বিবেচনা থেকেই তাঁরা জেনেছেন, বাজেট নিয়ে যে যা-ই বলুন, মোদ্দা কথা হলো, নতুন নতুন করের আওতায় আনা আর পুরোনো কর বৃদ্ধির যন্ত্রণায় ফেলা ছাড়া তাঁদের জীবনে এর বিশেষ কোনো তাৎপর্য নেই। অসৎ পথে পা না বাড়ানো, অন্যায়ের সঙ্গে হাত না মেলানোর নৈতিকতা—মধ্যবিত্ত সমাজের এই মূল্যবোধ, যা শত সংকট আর প্রলোভনেও তাঁদের বিচ্যুতি ঠেকিয়ে রেখেছে, ক্রমেই তা দুর্বল হয়ে আসছে। বাড়তি খরচ মেটাতে বাড়তি বৈধ আয়ের অঙ্কেরও বৃদ্ধি ঘটা উচিত অঙ্কের নিয়মেই। সেই সুরাহা হবে কেমন করে?কারওয়ান বাজারের মোড়ে তালার মিস্ত্রি সিকান্দার আলী বিকেলের ম্লান আলোয় বসে রেতি ঘষে চাবির ঘাট তুলছিলেন। বাজেটের পর তাঁর চাবির দাম বাড়ল কি না জানাতে চাইলে তিনি বলেন, ‘আমাগো কুনো কিছু বাড়ে না। ১০ বচ্ছর থেইক্যা এই চাবির দাম ১০ টাকা, ১০ টাকাই আছে।’ নচিকেতার গান মনে পড়ল তাঁর কথায়, ‘বছরের অন্তে বাজেটের যন্ত্রে পিষে দেই জীবনটা গচ্চা...’।