বছরের দুই মাস মিনি ট্রাকশ্রমিকদের আকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজ প্রায় দুই মাস যাবৎ তেমন কোনো কাম-কাজ ন্যাই। বছরের এই দুড্যা মাসই হামাকেরে খুবই কষ্টে দিন যায়। এই সময় ইটভাটা, মিল-চাতাল বন্ধ থাকায় মিনি ট্রাকগুল্যা কোনো ভাড়া পায় না। তাই বল্যা তো সংসারের খরচ বস্যা থাকে না। এই দুড্যা মাস হামাকেরে ধার-দেনা করি কিংবা রিকশা-ভ্যান চল্যাই সংসার চালান লাগে।’ কথাগুলো বললেন মিনি ট্রাকশ্রমিক নুরু মিয়া (৩৮)। দুপচাঁচিয়া উপজেলার থানা বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় মিনি ট্রাকের স্ট্যান্ড। এই স্ট্যান্ডে উপজেলার সব মিনি ট্রাক অবস্থান করে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় প্রায় ২০০ মিনি ট্রাক রয়েছে। মিনি ট্রাকের সঙ্গে চালক, হেলপার, মাল বোঝাই ও খালাস করার শ্রমিক রয়েছে প্রায় এক হাজার ২০০ জন। বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা ব্যবসা-বাণিজ্যের অঞ্চল হিসেবে প্রসিদ্ধ হওয়ায় এখানে প্রায় ১৩-১৪টি ইটভাটা ও ৭০০ থেকে ৮০০টি মিল-চাতাল গড়ে উঠেছে। তা ছাড়া এ উপজেলার সঙ্গে জয়পুরহাট ও নওগাঁ জেলার সরাসরি যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ায় এ ট্রাক-পরিবহন ব্যবসা বেশ জাঁকজমকভাবে গড়ে উঠেছে।সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন ভোরে মিনি ট্রাকস্ট্যান্ডে সারিবদ্ধভাবে মিনি ট্রাকগুলো অবস্থান করে। সকাল হতে না-হতেই এসব ট্রাক মালামাল ও পণ্য পরিবহনের জন্য ভাড়া খাটে। বেশির ভাগ মিনি ট্রাক চাতালের ধান, চাল এবং ইটভাটার ইট, বালু, মাটি ও কাঁচামাল পরিবহন করে থাকে। ট্রাকগুলো স্থানীয়ভাবে (লোকাল ট্রিপ) একেক ট্রিপে ৪০০ থেকে ৪৫০ টাকা ভাড়া খাটে। এতে দিনে একেকটি ট্রাক ১৪০০ থেকে ১৫০০ টাকা ভাড়া খাটতে পারে। কিন্তু বছরের অক্টোবর ও নভেম্বর—এই দুই মাস উপজেলার অধিকাংশ চাতাল ও ইটভাটাগুলোতে ইট তৈরির কাজ বন্ধ থাকায় ট্রাকগুলোর কোনো ভাড়া থাকে না। এতে অলসভাবে ট্রাকগুলো স্ট্যান্ডে অবস্থান করে। ফলে এই মিনি ট্রাকের সঙ্গে জড়িত প্রায় এক হাজার ২০০ শ্রমিক বেকার জীবন কাটান। অনেকেই এই দুই মাস ভ্যান-রিকশা ও অন্য ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন।মিনি ট্রাকের মালিক নাজমুল হক জানান, ‘উপজেলাটি ব্যবসাকেন্দ্র হিসেবে পরিচিত হওয়ায় এখানে প্রতিদিনই মিনিট্রাকের সংখ্যা বাড়ছে। প্রতিদিন ট্রাকের ভাড়াও হয় ভালো। ট্রাকের চালক ও হেলপারকে খোরাকি দিয়ে ভাড়া মোটামুটি ভালোই আসে। কিন্তু বছরের দুই-আড়াই মাস তেমন কোনো ভাড়া হয় না। তাই আমরা বেশির ভাগ মালিকই ট্রাকগুলো এসময় ছোট-খাটো কাজের জন্য গ্যারেজে দিয়ে থাকি।’মিনি ট্রাকচালক ফরিদ উদ্দিন বলেন, ‘বছরের এই দুই মাস বাদে বাকি দিনগুলোতে আমাদের ট্রাক বসে থাকে না। আমরা ট্রাক চালিয়ে প্রতিদিন ৩০০ করে টাকা পাই। আর হেলপাররা পায় ১৫০ টাকা। কিন্তু বছরের এই দুই মাস উপজেলার অধিকাংশ চাতাল বন্ধ থাকে এবং ইটভাটাগুলোতে কোনো ইট তৈরির কাজ না থাকায় তেমন ভাড়াই পাওয়া যায় না। তাই প্রতিদিনই বসে থাকতে হয়।’ উপজেলা মিনি ট্রাকশ্রমিক সমবায় সমিতির সভাপতি মাহফুজার রহমান বলেন, ‘আমাদের উপজেলার সঙ্গে বিভিন্ন জেলার যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় এবং ট্রাকের ভাড়ার চাহিদা থাকায় প্রতিদিনই নতুন নতুন মিনি ট্রাক রাস্তায় আসছে। এই মিনি ট্রাকের সঙ্গে ট্রাকচালক, হেলপার ও শ্রমিকেরা জড়িত হয়ে কাজ করে ভালোভাবে সংসার চালায়। কিন্তু বছরের এই দুটো মাস ট্রাকের তেমন কোনো ভাড়া হয় না।’