বছরের দুর্যোগ
২০১০ সালের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ ছিল পাকিস্তানের বন্যা এবং হাইতির ভূমিকম্প। পাকিস্তান ভাসছিল বন্যার জলে, হাইতি মিশে গিয়েছিল ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে।বন্যার বানে ভেসেছে পাকিস্তান২০১০ সালের জুলাই মাসের শেষের দিকে পাকিস্তানে দেখা দেয় স্মরণকালের ভয়াবহ বন্যা। বিগত ৮০ বছরের মধ্যে এমন বন্যা দেখেনি দেশটির মানুষ। ভারী মৌসুমি বৃষ্টিপাতে পাকিস্তানের খাইবার পাখতুনকাওয়া, পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তানসহ অনেক এলাকাই ডুবে যায় পানির নিচে। পাকিস্তানের যে পিচঢালা রাজপথে চাকাওয়ালা গাড়ি দাপিয়ে বেড়াত, সেই পথ পরিণত হয় সমুদ্রে।ভয়াবহ এ বন্যায় প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি ঘটে। আর প্রায় দুই কোটি মানুষ সরাসরি আক্রান্ত হয়। ১৯ লাখ বসতবাড়ি নষ্ট বা ধ্বংস হয়েছে। বন্যায় এক কোটি ৭০ লাখ একর ফসলি জমি ডুবে গেছে। দুই হাজার ৪৩৩ মাইল সড়ক এবং তিন হাজার ৫০৮ মাইল রেলপথ নষ্ট হয়েছে। মোট ক্ষয়ক্ষতি হয়েছে ৪৩ শত কোটি ডলার। জাতিসংঘসহ অন্যান্য দাতা সংস্থা এবং দেশ এ বন্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও তা ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ত্রাণ বিতরণে বড় ধরনের অনিয়মও ছিল। সাহায্য সংস্থাগুলো বলেছে, পাকিস্তানের অনেক এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। অনেক মানুষ দিনের পর দিন খোলা আকাশের নিচে মানবেতর জীবন অতিবাহিত করেছে। আক্রান্ত হয়েছে পানিবাহিত নানা রোগব্যাধিতে। বিশ্লেষকদের মতে, বন্যার কারণে আগামী বছরগুলোতে পাকিস্তানে ভয়াবহ খাদ্যসংকট দেখা দেবে। পরিস্থিতি তখন আরও মারাত্মক আকার ধারণ করতে পারে।ভূমিকম্পের ঝাঁকুনিতে লন্ডভন্ড হাইতি২০১০ সালের ১২ জানুয়ারি। প্রকৃতির নির্মম খেয়ালে ক্যারিবিয়ান দেশ হাইতি লন্ডভন্ড হয়ে গেল। ২০০ বছরের মধ্যে এমন ভূমিকম্প দেখেনি হাইতির মানুষ। ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মাটির সঙ্গে মিশে যায় ক্যারিবীয় দেশ হাইতির অনেক শহর।হাইতি সরকারের হিসাব অনুযায়ী, এই ভূমিকম্পে প্রায় দুই লাখ ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। তিন লাখ মানুষ আহত হয়েছে এবং গৃহহীন হয়েছে ১০ লাখ মানুষ। সব মিলিয়ে প্রায় ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী পোর্ট অ-প্রিন্স, জ্যাকমেলসহ অন্যান্য ঘন জনবসতিপূর্ণ শহর। উদ্ধার-তৎপরতা ও মানবিক সহায়তায় এগিয়ে আসে জাতিসংঘ, আন্তর্জাতিক দাতা সংস্থাসহ ও বিভিন্ন রাষ্ট্র। মৃত্যুর সুদীর্ঘ মিছিল, স্বজন হারানোর বেদনা, অপর্যাপ্ত ত্রাণ ও চিকিৎসা-সহায়তা—সবকিছু মিলিয়ে হাইতিতে নেমে আসে মানবিক বিপর্যয়। ভূমিকম্প-দুর্গত লাখ লাখ মানুষ এখনো সেই বিপর্যয়ের ধকল বয়ে চলছে। [উইকিপিডিয়া ও বিবিসি অবলম্বনে]