বছরের পর বছর ধরে লোকসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের পর বছর ধরে রাষ্ট্রায়ত্ত টেক্সটাইল মিল লোকসান গুনছে। গত তিন দশকে আধুনিকায়নের কোনো উদ্যোগও নেওয়া হয়নি, বরং বিক্রি করতেই ছিল বেশি উৎসাহ। সরকারের হাতে থাকা ২৩টির মধ্যে বর্তমানে চালু আছে মাত্র চারটি, যার সব কটি আবার লোকসানি প্রতিষ্ঠান। ২৩টি মিলের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) হাতে আছে ১৫টি। বিক্রির জন্য বেসরকারীকরণ কমিশনে আছে তিনটি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে আছে আরও পাঁচটি বস্ত্রকল। চারটি মিল চলছে সার্ভিস চার্জের ভিত্তিতে।লাভজনক না হওয়ায় ১৯৭৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয় তিনটি ও বেসরকারীকরণ কমিশন ১২টি মিল দরপত্রের মাধ্যমে বিক্রি করে দিয়েছে। সূত্র জানায়, নামমাত্র মূল্যে মিলগুলো বিক্রি করায় সরকারের লোকসান হয়েছে। আবার তদারকি না থাকায় বর্তমান মালিকদের কাছ থেকেও বকেয়া টাকা উদ্ধার করা হচ্ছে না। উল্টো দায়দেনা নিষ্পত্তি না করায় আছে কয়েক শ কোটি টাকার ঋণের বোঝা।মন্ত্রণালয় সূত্র জানায়, সিএ ফার্ম দিয়ে নিরীক্ষা করার পর বেসরকারীকরণ কমিশনের বিক্রি করা ১২টি মিলের ধার্যকৃত দাম ছিল ২৬৫ কোটি ১২ লাখ টাকা। মোট জমির পরিমাণ ছিল ২০১ একর। তবে দরপত্রের মাধ্যমে তা বিক্রি হয় মাত্র ৬৯ কোটি ৭৯ লাখ টাকায়। এর মধ্যে আবার চার কোটি ৭৫ লাখ টাকা এখনো বকেয়া আছে।বিক্রির জন্য প্রাইভেটাইজেশন কমিশন ২০০৪ সালে তিনটি বস্ত্রকল অধিগ্রহণ করে। এগুলো হচ্ছে: রাঙ্গামাটি টেক্সটাইল, টাঙ্গাইল কটন ও মাগুরা টেক্সটাইল। তবে এখন পর্যন্ত সেগুলো বিক্রি করা যায়নি। যদিও রাঙ্গামাটি টেক্সটাইলের জন্য আটবার ও মাগুরার জন্য দুবার দরপত্র আহ্বান করেছিল কমিশন। বিটিএমসির একজন কর্মকর্তা জানান, কমিশন নিজেদের নিয়ন্ত্রণে নিলেও বস্ত্রকলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দিতে হচ্ছে বিটিএমসিকে। গত বছরের জুন পর্যন্ত এ জন্য ব্যয় হয়েছে তিন কোটি ৭৭ লাখ টাকা। ঋণের বোঝা: বিভিন্ন সময় বিক্রি ও হস্তান্তর করা বস্ত্রকলের দায়দেনায় জর্জরিত বিটিএমসি। পাশাপাশি অব্যাহত লোকসানের কারণে সংস্থার নিয়ন্ত্রণাধীন মিলগুলোর দায়দেনাও বাড়ছে পাল্লা দিয়ে। সূত্র জানায়, নিজেদের ১৫ বস্ত্রকলের জন্য গত বছর পর্যন্ত সরকার ও ব্যাংকের কাছে বিটিএমসির দুই হাজার ৪৩৪ কোটি টাকা দেনা আছে। এর মধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণ বাবদ সরকার পাবে এক হাজার ৩২৯ কোটি ৫২ লাখ টাকা, ব্যাংক এক হাজার ৮৪ কোটি ও পরিষেবা ব্যয় বিল ২০ কোটি ৮৯ লাখ টাকা।অন্যদিকে সাবেক মালিকদের কাছে হস্তান্তর করা ৩৫টি বস্ত্রকল থেকে বিটিএমসি ও সরকারের পাওনা যথাক্রমে ৮৬৪ ও ১৩২ কোটি টাকা। এর মধ্যে ব্যাংকঋণ বাবদ বিটিএমসির দায় আছে ৭৩৩ কোটি টাকা। এ ছাড়া শ্রমিক-কর্মচারীদের কাছে হস্তান্তর করা নয়টি মিল থেকে বিটিএমসি ও সরকারের পাওনা যথাক্রমে ৩৯৪ ও ৫০০ কোটি টাকা। এর মধ্যে ব্যাংকঋণ বাবদ ৩৭৫ কোটি টাকা বিটিএমসির দায়। এ ছাড়া বেসরকারি কমিশন ও শিল্প মন্ত্রণালয় দরপত্রের মাধ্যমে যে ১৫ বস্ত্রকল বিক্রি করেছে, তার দায়দেনাও বিটিএমসির ঘাড়ে চেপেছে। এসব বস্ত্রকল থেকে বিটিএমসি ৫৫০ ও সরকারের ৩৬১ কোটি টাকা পাওনা আছে। এর মধ্যে ৪৭৫ কোটি টাকা ব্যাংকঋণের দায় বিটিএমসির ওপর পড়েছে। বিটিএমসির চেয়ারম্যান মাহমুদ উল আলম এ বিষয়ে বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা না থাকায় আজকের এ দৈন্যদশার সৃষ্টি হয়েছে। এ ছাড়া একের পর এক মিল বেসরকারি খাতে ছেড়ে দেওয়া এবং কোনো তদারকি না থাকাও এর জন্য দায়ী। তবে চেয়ারম্যান দাবি করেন, দেরিতে হলেও বিটিএমসিকে লাভজনক করতে নানামুখী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৪৬ কোটি ৯১ লাখ টাকা ব্যাংকের দেনা পরিশোধ করা হয়েছে। মাহমুদ উল আলম বলেন, বিশাল সম্পত্তি ব্যবস্থাপনা করেই বিটিএমসিকে লাভজনক ও কর্মসংস্থান সৃষ্টি করার সুযোগ আছে। এ জন্য মিলের জায়গায় টেক্সটাইল পল্লি করা যেতে পারে। এ ছাড়া ঢাকা, চট্টগ্রামের মিলগুলোতে সরকারি-বেসরকারি উদ্যোগে পরিচালনা করা যায়। আর এসব থেকে পাওয়া মুনাফা দিয়ে প্রত্যন্ত এলাকার মিল পরিচালনা করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।