সোমালিয়ার জলদস্যুরা এবার ইংরেজি নববর্ষের প্রথম দিনে আলজেরিয়ার পতাকাবাহী একটি জাহাজ ছিনতাই করেছে। এমভি ব্লিডা নামের এই জাহাজটি ওমানের সালালাহ বন্দর থেকে সিমেন্ট ক্লিংকার নিয়ে তানজানিয়ার দার-উস-সালাম যাওয়ার পথে জলদস্যুদের কবলে পড়ে। ওই জাহাজে আলজেরিয়া, ইউক্রেন ও ফিলিপাইনের মোট ২৭ জন নাবিক রয়েছেন।গতকাল রোববার ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের এক বিবৃতিতে বলা হয়, জলদস্যুরা ১ জানুয়ারি দুপুরে জাহাজটি সালালাহ বন্দর থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরের আরব সাগর থেকে ছিনতাই করে নিয়ে যায়। এ নিয়ে সোমালিয়ার জলদস্যুদের হাতে ২৮টি জাহাজের ৬৫৪ জন নাবিক জিম্মি অবস্থায় আছেন।এদিকে সোমালিয়ার জলদস্যুদের সঙ্গে দুই দিন ধরে অপহূত বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণির কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নেই। জাহাজের মালিকানা-প্রতিষ্ঠান এস আর শিপিংয়ের মহাব্যবস্থাপক মেহেরুল করিম প্রথম আলোকে বলেন, ‘এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আমরা চাইলেও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তাদের যখন ইচ্ছা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করে। ফলে আলোচনা কিছুটা পিছিয়ে গেছে।’ গত ৫ ডিসেম্বর গ্রিস যাওয়ার পথে আরব সাগরের ভারতীয় উপকূল থেকে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি জাহান মণি। ১২ এবং ৩১ ডিসেম্বর জলদস্যুরা জিম্মি নাবিকদের সঙ্গে তাঁদের স্বজনদের কথা বলার সুযোগ দেয়। তবে জাহাজমালিকের সঙ্গে জলদস্যুরা ১২ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বেশ কয়েক দফা কথা বলেছে। এরপর তারা প্রায় সাত দিন যোগাযোগ বন্ধ রাখে। ৩১ ডিসেম্বর একাধিকবার যোগাযোগের পর গত দুই দিন তারা আর কোনো যোগাযোগ করেনি।বিভিন্ন সূত্রে জানা গেছে, জলদস্যুরা যখন কোনো নতুন জাহাজ ছিনতাই করে কিংবা আগের ছিনতাই করা জাহাজ ছেড়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে ব্যস্ত থাকে, তখন তারা জাহান মণির ব্যাপারে আলোচনা বন্ধ রাখে। এ ধরনের কোনো ব্যস্ততার কারণে জলদস্যুরা যোগাযোগ বন্ধ রাখতে পারে বলে এস আর শিপিংয়ের কর্মকর্তারা মনে করছেন।