বছরের শুরুতেই সবজির দাম চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের শুরুতেই রাজধানীর কাঁচাবাজারগুলোয় আলু, মরিচ, আদাসহ বেশ কয়েকটি সবজির দাম পাঁচ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। এ ছাড়া এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম আরেক দফা বেড়েছে। ডিমের দামও কমার লক্ষণ নেই, হালিতে বেড়েছে দুই টাকা। গতকাল শুক্রবার কারওয়ান বাজার ও পুরান ঢাকার নারিন্দা বাজারে ঘুরে এবং ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে। কারওয়ান বাজারে গতকাল নতুন আলুর দাম কেজিপ্রতি ছয় টাকা বেড়ে ২৮ টাকা, মরিচের দাম ২০ টাকা বেড়ে ৮০ টাকা এবং দেশি আদা ১০ টাকা বেড়ে ৮০ টাকা হয়েছে। তবে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। গতকাল কারওয়ান বাজারে দেশি ও বিদেশি পেঁয়াজ উভয়ই পাঁচ থেকে আট টাকা কমে ৩২ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়। তবে নারিন্দা বাজারে আগের সপ্তাহের মতোই দেশি পেঁয়াজ ৪০ ও বিদেশি পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি করতে দেখা যায়।অন্যদিকে দেশি মসুর ডালের কেজি ১০ টাকা কমে ১৪০ টাকা হয়েছে। তবে বড় দানার নেপালি মসুর ডাল আগের মতোই ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া মুগ ডালের কেজি ১২০ টাকা। কারওয়ান বাজার ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি এ টি এম ফারুক প্রথম আলোকে বলেন, সবজির দাম গতবারের চেয়ে এবার দুই থেকে তিন গুণ বেশি। কারণ, গত নভেম্বরের বৃষ্টিতে খুব ক্ষতি হয়েছে। এটি কাটিয়ে উঠতে আরও কয়েক দিন সময় লাগবে।তবে একাধিক পাইকার জানান, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন খরচ বাড়বে। তখন আরেক দফা সবজির দাম বাড়বে। কারওয়ান বাজারে গতকাল লাল টমেটো ৪০ থেকে ৫০ টাকা, কাঁচা টমেটো ২০, শালগম ২৫ থেকে ৩০, গোল বেগুন ৬০, লম্বা বেগুন ৪০ থেকে ৭০, শিম ৩০ থেকে ৩৫, মুলা ২০, পেঁয়াজপাতা ১৫ থেকে ২০, গাজর ২৫ থেকে ৩০ এবং কাঁচকলা প্রতি হালি ১০ থেকে ১২ টাকা বিক্রি হয়। এ ছাড়া ফুলকপি আকারভেদে ২০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ২৫ থেকে ৪০, লাউ শাক ২৫ থেকে ৩০ টাকা আঁটি, করলা ৪৫, শসা ৩০ থেকে ৩২, দেশি রসুন ৪০ এবং বিদেশি রসুন প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হয়।মাছ-মাংস-ডিম: ব্রয়লার মুরগির দাম এক সপ্তাহের ব্যবধানে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল কারওয়ান বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৬০ টাকা এবং পাকিস্তানি মুরগি প্রতিটি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হয়। তবে নারিন্দা বাজারে বিক্রেতারা ব্রয়লার মুরগির দাম হাঁকেন ১৭০ টাকা। ব্রয়লার মুরগির দাম বাড়ার কারণ হিসেবে গাজীপুর জেলা পোলট্রি মালিক সমিতির সভাপতি বশির উদ্দিন বলেন, বছরের শেষ ও শুরুতে দাম একটু বেশিই থাকে। কারণ, বিয়েসহ অন্যান্য অনুষ্ঠান বেড়ে যাওয়ায় এ সময় চাহিদা বাড়ে। এটি স্বাভাবিক হিসেবে দাবি করে তিনি বলেন, আগামী মার্চ-এপ্রিলে দাম কমে আসবে। এ ছাড়া প্রতি কেজি গরুর মাংস ২৭০ থেকে ২৮০ টাকা এবং খাসির মাংস বাজারভেদে ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হয়। আর ফার্মের মুরগির ডিমের হালি দুই টাকা বেড়ে ৩৮ এবং হাঁসের ডিম ৪২ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে মাছের বাজারে রুই প্রতি কেজি ২০০ থেকে ৩০০ টাকা, কাতল ২০০ থেকে ২৬০, মাঝারি সাইজের ইলিশ ৮০০ থেকে এক হাজার এবং পুঁটি ২০০ থেকে ২৪০ টাকায় বিক্রি হয়। এ ছাড়া ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের দেওয়া তথ্য অনুযায়ী, খোলা সোয়াবিন তেলের লিটার দুই টাকা বেড়ে ১১০ থেকে ১১২ টাকায় বিক্রি হচ্ছে।