বছরের শেষ দিনে বৈচিত্র্যময় অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনের রবীন্দ্র-উৎসব। এই উৎসব উপলক্ষে দেশ-বিদেশের রবীন্দ্রচর্চায় যুক্ত এবং কবির অনুরাগীদের যে বিপুল সমাগম ঘটেছিল, কবির ভাষাতেই বলা যায়, ‘ভাঙল মিলন মেলা ভাঙল’।রবীন্দ্রসংগীত চর্চাকেন্দ্র সুরের ধারা গীতবিতানের সব গান ও গীত এবং নৃত্যনাট্য নিয়ে প্রকাশ করেছে শ্রুতি গীতবিতান। তার প্রকাশ উপলক্ষেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছিল তিন দিনের রবীন্দ্র-উৎসব। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই উৎসবের গতকাল ছিল সমাপনী।শেষ দিনের কর্মসূচি শুরু হয়েছিল সকালে উত্তরায়ণের সম্মেলক গান দিয়ে। এদিন সেমিনার হয়েছে চারটি। রবীন্দ্রনাথের ছোটগল্প নিয়ে উপন্যাস, শিক্ষাভাবনা এবং উন্নয়ন ভাবনা নিয়ে প্রবন্ধ পড়েছেন যথাক্রমে বিশ্বজিৎ ঘোষ, রামকুমার মুখোপাধ্যায়, স্বপন মজুমদার ও আতিউর রহমান।সারা দিন সেমিনারের পাশাপাশি মিল্কিওয়ের মঞ্চে এবং হল অব ফেমে চলেছে নানা ধরনের অনুষ্ঠান। এতে ছিল একক ও সম্মেলক গান। সম্মেলক গানে ছিল সুরের ধারা নিউ জার্সি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, বৈতালিক ও গীতাঞ্জলি। সন্ধ্যায় আবৃত্তি করেন কাজী আরিফ ও নিমা রহমান। একক সংগীতে তপন মাহমুদ পরিবেশন করেন ‘প্রাঙ্গণে মোর শিরিশ শাখায়’, মণিদীপা ভট্টাচার্য বাংলার পাশাপাশি বিভিন্ন ভাষায় রূপান্তরিত কবির গান গেয়ে শোনান। তাঁর পরিবেশনা ছিল উপভোগ্য। তিনি ‘মন মোর মেঘের সঙ্গী’, ‘সখী ভাবনা কাহারে বলে’, পুরনো সেই দিনের কথা’সহ বেশ কয়েকটি গান শোনান।সমাপনী উৎসবে সারা দিনই বিপুল শ্রোতা-দর্শকের সমাগম হয়েছিল উৎসবে। কেউ এসেছেন আলোচনা শুনতে, কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে। আলোচনা ও গান ছাড়াও ছিল নৃত্য, নৃত্যনাট্য, মঞ্চনাটকসহ বৈচিত্র্যময় পরিবেশনা। বিকেলে হল অব ফেমে নাগরিক নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করে কবির নাটক অচলায়তন। শান্তিনিকেতনের মোহন সিংয়ের ছিল একটি একক অনুষ্ঠান।রাত ১০টায় ছিল সমাপনী অনুষ্ঠান। এতে শুভেচ্ছা বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুুল কালাম আজাদ এবং পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তাঁর তিন দিন ধরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃজন সম্ভারের বিভিন্ন দিক নিয়ে এই উৎসব করার জন্য সুরের ধারার অধ্যক্ষ শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে ধন্যবাদ জানান। বন্যাও তাঁর সমাপনী বক্তৃতায় তিন দিনের উৎসবে অংশগ্রহণকারী শিল্পী, কলাকুশলী ও দর্শকদের অভিনন্দন জানান। সহযোগিতার জন্য ধন্যবাদ দেন প্রথম আলো, চ্যানেল আইসহ অন্যান্য প্রতিষ্ঠানকে।সুরের ধারার শিল্পীদের গানের সঙ্গে নৃত্য দিয়ে শেষ হয় বছর শেষের জমজমাট এই উৎসব।‘সবার জন্য ছাপচিত্র’ মেলা আজনতুন বছরের শুরুর দিন আজ রোববার থেকে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে শুরু হচ্ছে তিন দিনের ছাপচিত্র মেলা। ‘সবার জন্য ছাপচিত্র’ স্লোগান নিয়ে আয়োজিত এ মেলার আয়োজন করা হয়েছে বরেণ্য শিল্পী মোহাম্মদ কিবরিয়ার জন্মদিনে। সে কারণে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে মেলার নাম রাখা হয়েছে ‘কিবরিয়া ছাপচিত্র মেলা’। আজ বিকেল সাড়ে চারটায় মেলার উদ্বোধন করবেন শিল্পী আনজুম কিবরিয়া। বিশেষ অতিথি থাকবেন শিল্পী মনিরুল ইসলাম। সভাপতিত্ব করবেন শিল্পী রফিকুন নবী। গতকাল শনিবার মধ্যাহ্নে মেলা উপলক্ষে ঢাকা আর্ট সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মেলার উদ্দেশ্য ও আয়োজনের বিস্তারিত কর্মসূচি সম্পর্কে বলেন শিল্পী আবুল বারক আলভী, নিসার হোসেন, শিল্পসমালোচক মইনুদ্দিন খালেদ ও মেলার সমন্বয়ক শিল্পী রশীদ আমিন।আয়োজকেরা জানান, ছাপচিত্র এমন একটি শিল্পমাধ্যম, যা বিপুলসংখ্যক মানুষের কাছে সুলভে পৌঁছে দেওয়া যায়। শিল্পিত জনরুচি গড়ে তোলার ক্ষেত্রে ছাপচিত্র অত্যন্ত সহায়ক ভূমিকা রাখতে পারে। কারণ, অন্য মাধ্যমের শিল্পকলা উচ্চমূল্যের কারণে সর্বসাধারণের ক্রয়ক্ষমতার বাইরে। অথচ শিল্পীর স্বাক্ষরসংবলিত মূল একটি ছাপচিত্র সুলভে সংগ্রহ করতে পারে অনেক সাধারণ ক্রেতা। এতে একদিকে যেমন মধ্য এমনকি নিম্ন আয়ের মানুষও শিল্পসংগ্রাহক হয়ে উঠতে পারবেন, তেমনি তাঁদের মধ্যে নান্দনিক বোধ ও রুচিও সৃষ্টি হবে। শিল্পীরাও এতে উপকৃত হবেন। আয়োজকেরা জানিয়েছেন, এই মেলা হবে একেবারেই গ্রামীণ মেলার আঙ্গিকে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগসহ চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ ও দেশের বিভিন্ন স্থানে যেসব প্রিন্টমেকিং স্টুডিও গড়ে উঠেছে তারা অংশ নেবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ১২টি। প্রতিটি প্রতিষ্ঠানের পৃথক স্টল থাকবে। এসব স্টলে প্রতিষ্ঠানগুলো তাদের সঙ্গে যুক্ত শিল্পীদের ছাপচিত্র টেবিলে বিছিয়ে রাখবে। প্রথাগত প্রদর্শনীর মতো ফ্রেমে বাঁধানো ছবি থাকবে না। দর্শকেরা টেবিল থেকে মূল ছাপচিত্রগুলো দেখে পছন্দ করে কিনতে পারবেন। এতে দেশের অগ্রগণ্য শিল্পী থেকে শিল্পশিক্ষার্থী নবীনদেরও কাজ থাকবে। শিল্পকর্মের দাম থাকবে এমন, একেবারে নিম্ন আয়ের মানুষও আগ্রহ হলে তা কিনতে পারবেন। কারণ এই মেলার প্রকৃত উদ্দেশ্যই হলো শিল্পকে সুলভ মূল্যে ব্যাপক জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া। আয়োজকেরা জানান, শিল্পকর্মগুলো পরে ক্রেতারা তাঁদের পছন্দমতো ফ্রেমে বাঁধিয়ে নিতে পারবেন। দাম সুলভ রাখার জন্যই আয়োজকেরা নিজেরা ফ্রেম করছেন না। প্রদর্শনীতে শিল্পকর্মের পাশাপাশি কীভাবে ছাপচিত্র করা হয় সে বিষয়টিও দেখানো হবে। এমনকি কেউ আগ্রহী হলে নিজেও ছাপার কাজে হাত লাগাতে পারবেন। এখন থেকে প্রতিবছর নিয়মিতভাবে এই মেলা করার পরিকল্পনা রয়েছে বলে আয়োজকেরা জানান। প্রদর্শনী চলবে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা, ৩ জানুয়ারি পর্যন্ত। রবীন্দ্রনাথের গানব্যতিক্রমী এক সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। আগামীকাল সোমবার সন্ধ্যা ছয়টায় ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে অনুষ্ঠিত হবে ‘বলিউডের গানে রবীন্দ্রসংগীতের প্রভাব’ শীর্ষক এই সংগীতালেখ্য।অনুষ্ঠানে গান শোনাবেন শিল্পী অনুরাধা রমা চৌধুরী ও দিয়া চক্রবর্তী। বিজ্ঞপ্তি।