বজলুল হকের মনোনয়নপত্র গ্রহণে স্থগিতাদেশ
গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বজলুল হকের মনোনয়নপত্র গ্রহণ করতে দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশ চেয়ে নির্বাচন কমিশনের করা আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা এ আদেশ দেন। এর আগে গতকাল বজলুল হকের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাঁর মনোনয়ানপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে আজ আবেদনটি করা হয়।আদালতে নির্বাচন কমিশনের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও আইনজীবী তৌহিদুল ইসলাম মামলা পরিচালনা করেন। বজলুল হকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলো ডটকমকে বলেন, হাইকোর্ট বজলুল হকের মনোনয়পত্র গ্রহণ করতে নির্দেশ দিয়েছিলেন। এ আদেশ চেম্বার বিচারপতি আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন। এতে বজলুল হকের নির্বাচনে অংশ নেওয়া সুযোগ হচ্ছে না। গত ৫ সেপ্টেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা বজলুল হকের মনোনয়নপত্র খারিজ করেন। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন ৭ সেপ্টেম্বর। নির্বাচন কমিশন মনোনয়নপত্র খারিজের আদেশ বহাল রাখে। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে গত সোমবার রিট আবেদন করেন। গতকাল আদালত ওই আবেদনের শুনানি নিয়ে তা নিষ্পত্তি করে মনোনয়নপত্র গ্রহণের আদেশ দেন। ৩০ সেপ্টেম্বর ওই উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।