বজলুল হকের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ
গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বজলুল হকের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বজলুল হকের করা রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।এর আগে ৫ সেপ্টেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা বজলুল হকের মনোনয়নপত্র খারিজ করেন। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন ৭ সেপ্টেম্বর। নির্বাচন কমিশন মনোনয়নপত্র খারিজের আদেশ বহাল রাখে। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে গতকাল সোমবার রিট আবেদন করেন। আজ আদালত ওই আবেদনের শুনানি নিয়ে তা নিষ্পত্তি করে এ আদেশ দেন।আদালতে বজলুল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, বৈধ প্রার্থী হিসেবে তাঁর মক্কেলের মনোনয়নপত্র গ্রহণ করে তাঁকে নির্বাচনের অনুমতি দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। এতে বৈধ প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নিতে তাঁর কোনো বাধা রইল না। ৩০ সেপ্টেম্বর ওই উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।