বজ্রপাতে ছয়জনের মৃত্যু
ঢাকার নবাবগঞ্জে, গাজীপুর সদর উপজেলায়, গোপালগঞ্জের কোটালীপড়ায়, কক্সবাজারের রামুতে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার ও গতকাল রোববার এ রাতে এ মুত্যৃর ঘটনাগুলো ঘটে।আমাদের নবাবগঞ্জ প্রতিনিধি জানান, উপজেলার কান্দামাত্রা গ্রামে আজ সকালে জমিতে পাটের বীজ বপন করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন স্বপন মজুমদার (২৬)। তাত্ক্ষণিকভাবে তাঁকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।গাজীপুর প্রতিনিধি জানান, সকাল আটটার দিকে মোটরসাইকেলে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন সুজন মিয়া (২৭) ও দুলাল হোসেন (২৬)। সদর উপজেলার বাঘের বাজার এলাকায় যাওয়ার পর বজ্রপাতে তাঁদের শরীর ঝলসে যায়। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁদের মৃত ঘোষণা করেন।নিহত দুই যুবক স্থানীয় একটি স্টিল কারখানায় কাজ করতেন। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।গোপালগঞ্জ প্রতিনিধি জানান, বেলা একটার দিকে কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে বজ্রপাতে একটি গোয়ালঘরে থাকা কয়েকজন কৃষক আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে নীহার ঢালী (২৫) ও সুজন গাইনকে (২৭) মৃত ঘোষণা করেন চিকিত্সক। কোটালীপাড়া থানার ওসি তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কক্সবাজারের রামু প্রতিনিধি জানান, উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইল্যাতলী বারইয়াপাড়ায় গতকাল রোববার রাতে বজ্রপাতে মুজিবুর রহমান (২২) নামের এক যুবক নিহত এবং তাঁর ছোট বোন দশম শ্রেণীর ছাত্রী রেহেনা আকতার (১৫) গুরুতর আহত হয়েছেন। রেহেনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা স্থানীয় হোছন আহমদের সন্তান।