বিকল হয়ে আছে ৩৬০টি টেলিফোন
বজ্রপাতে বিকল: তিন সপ্তাহেও চালু হয়নি শিবচর টেলিফোন এক্সচেঞ্জ
মাদারীপুরের শিবচরের বিটিসিএল টেলিফোন এক্সচেঞ্জটি ২৯ জুন বজ্রপাতে বিকল হয়ে যায়। এর পর প্রায় তিন সপ্তাহ পার হয়ে গেলেও টেলিফোন এক্সচেঞ্জটি চালু হয়নি। ফলে বিকল হয়ে আছে ৩৬০টি টেলিফোন সংযোগ। বিটিসিএল শিবচর অফিস সূত্রে জানা যায়, বজ্রপাতে শিবচর-মাদারীপুর এক্সচেঞ্জের সংযোগ তার, শিবচর এক্সচেঞ্জের এক্সচেঞ্জ কার্ডসহ কয়েকটি গুরুত্বপূর্ন যন্ত্রাংশ পুড়ে যায়। এরপর থেকে এক্সচেঞ্জের ৩৬০টি টেলিফোন সংযোগ সম্পূর্নরুপে বিচ্ছিন্ন রয়েছে। টেলিফোন গ্রাহক সূত্রে জানা যায়, প্রায় তিন সপ্তাহ টেলিফোন বন্ধ থাকার ফলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ উপজেলার জরুরী প্রশাসনিক বার্তা প্রেরণ ও গ্রহণ কার্যক্রমসহ ব্যাংকিং লেনদেনও মারাত্মক ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিকল্প উপায়ে এ সকল জরুরী কার্যক্রম চালাতে গিয়ে সংশিষ্টদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। রুপালি ব্যাংক শিবচর শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘২৯ জুনের বজ্রপাতের পর থেকে আমার ব্যাংকের টেলিফোন লাইন নষ্ট হয়ে আছে। তাই ব্যাংকিং লেনদেনে সমস্যা হচ্ছে।’ এ ব্যাপারে মাদারীপুর বিটিসিএল-এর বিভাগীয় প্রকৌশলী আ. ওহাব বলেন, ‘দেশের সবচেয়ে দক্ষ প্রকৌশলীদের দিয়ে বিকল লিংক, এক্সচেঞ্জ কার্ড পরিবর্তন করেও এক্সচেঞ্জটি চালু করা যায়নি। তবে আমরা শিগগিরই চালু করতে চেষ্টা করছি।’