বজ্রপাতে রাজধানী ও শেরপুরে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকা ও শেরপুরে আজ বুধবার বিকেলে বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছেন। গুলশানে বেলা তিনটার দিকে বজ্রপাতে দুই নির্মাণশ্রমিক নিহত হন। তাত্ক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, আজ বেলা তিনটার দিকে ওই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় জাপান ও মার্কিন দূতাবাসের মধ্যবর্তী এলাকায় বজ্রপাতে দুজন নির্মাণশ্রমিক মারা যান। আহত হন আটজন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই শ্রমিকেরা দুপুরের খাবার শেষে রাস্তার পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। সহকর্মীদের কাছ থেকে পরিচয় জানার চেষ্টা চলছে। শেরপুরে নিহত ৩আজ বিকেলে শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের আবুল হোসেনের স্ত্রী রেণু বেগম (৪০), রাংটিয়া গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে আবদুল লতিফ (৫০) ও নালিতাবাড়ী উপজেলার চান্দেরনন্নী গ্রামের জাফর আলী খাঁর ছেলে হাকিম খাঁ (৫৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে বৃষ্টি চলার সময় ওই তিনজন ঘরের বাইরে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। ঝিনাইগাতী ও নালিতাবাড়ী থানা পুলিশ বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।