বজ্রপাতের সঙ্গে মাইগ্রেনের সম্পর্ক!
আবহাওয়ার সঙ্গে মাইগ্রেনের (আধকপালে তীব্র ব্যথা) যোগসূত্র আছে—এ ধারণা অনেক দিন ধরেই প্রচলিত। নতুন এক গবেষণার ফলাফলের বরাত দিয়ে দাবি করা হচ্ছে, বজ্রপাতের সঙ্গে মাইগ্রেনের সম্পর্ক নিবিড়। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।একদল মার্কিন গবেষক মিসৌরি এবং ওহাইও অঙ্গরাজ্যে এ গবেষণাটি পরিচালনা করেন। তাঁদের এই গবেষণাবিষয়ক নিবন্ধ ‘সেফালালজিয়া’ সাময়িকীতে প্রকাশিত হয়। গবেষকেরা বলছেন, বাড়ির ৪০ কিলোমিটারের মধ্যে বজ্রপাত হলে ২৮ শতাংশের বেশি মানুষের মাইগ্রেনের ব্যথা হতে পারে।গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট ভিনসেন্ট মার্টিন বলেন, ‘বজ্রপাতের সঙ্গে মাইগ্রেনের যোগসূত্র আবিষ্কার করতে পেরে আমরা খুব অবাক হয়েছি। একই সঙ্গে আনন্দিতও।’মাইগ্রেন এক ধরনের আধকপালে প্রচণ্ড ব্যথা। আলোক সংবেদনশীলতা, দৃষ্টিভ্রম, বিতৃষ্ণাবোধ, অবসাদ, নিদ্রাহীনতা, পানিশূন্যতা—এসব থেকে এ সমস্যা দেখা দিতে পারে। ঘণ্টার পর ঘণ্টা বা কয়েকদিন পর্যন্ত এ ধরনের ব্যথা চলতে পারে। মাইগ্রেনের সমস্যায় নারীরাই বেশি ভোগেন।